Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসার রূপগঞ্জে নলবাহিত পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় বাসিন্দারা

কাঁকসার রূপগঞ্জে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। জল জীবন মিশন প্রকল্পের টাকা আটকে থাকায় সমস্যা সমাধান হচ্ছে না। বিস্তারিত পড়ুন।

কাঁকসার রূপগঞ্জে নলবাহিত পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় বাসিন্দারা
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: নলবাহিত পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে। ফলে প্রচণ্ড গরমে জল না পেয়ে কাঁকসার রূপগঞ্জের আড়াইচাঁদ আদিবাসীপাড়ার বাসিন্দারা সমস্যায় পড়েছেন। এলাকায় জলের ট্যাংকার পাঠানো হলেও তা সারাদিনে একবার মাত্র আসছে বলে স্থানীয়দের অভিযোগ। এবিষয়ে মলানদিঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন, জলের সমস্যার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। ওঁরা অভিযোগ জানালে তা গুরুত্ব দিয়ে দেখা যাবে।

Advertisement

আড়াইচাঁদ আদিবাসীপাড়ায় ৫০-এর বেশি পরিবার বাস করে। পানীয় জলের জন্য বাড়ি বাড়ি পাইপলাইন দেওয়া হলেও বেশ কয়েকদিন ধরে তাতে জল আসছে না। এলাকার বাসিন্দা শিবু মুর্মু, জয়ন্ত টুডু বলেন, বেশ কয়েকদিন ধরে জলের পাইপলাইন খারাপ হয়ে রয়েছে। সমস্ত পরিবার ট্যাংকার থেকে জল পাচ্ছে না। ফলে আমরা বাইরে থেকে জল আনতে বাধ্য হচ্ছি।
স্থানীয়রা অনেকে জানান, মাঠের সাবমার্সিবল পাম্প থেকে জল আনছেন। ওই পাম্প সৌরশক্তিতে চলে। মেঘলা আবহাওয়ার কারণে গত দু’দিন ধরে সমস্যা হয়েছে।
এলাকার বাসিন্দা যদুনাথ মাড্ডি বলেন, গ্রামে কয়েকজনের বাড়িতে টিউবওয়েল রয়েছে। তাঁদের বাড়ি থেকে পানীয় জল আনতে লাইন পড়ে যাচ্ছে। পানীয় জল, স্নানের জলের অভাবে আমরা খুব সমস্যায় পড়েছি।
গ্রামবাসীদের অভিযোগ, পাইপলাইন বসানো হলেও দিনে একবার মাত্র জল আসত। আর এখন তাও না পেয়ে পুকুরের জলে স্নান, বাসন মাজার কাজ করতে হচ্ছে। এর আগে মলানদিঘি পঞ্চায়েতের কুলডিহা আদিবাসীপাড়ায় ডায়ারিয়ার প্রকোপে দুই মহিলার মৃত্যু হয়েছিল। তাই পুকুরের জল ব্যবহার করতে ভয়ও লাগছে।
এবিষয়ে সিপিএম নেতা অলোক ভট্টাচার্য বলেন, প্রশাসন দিশাহীন। পানীয় জলের সমস্যার দিকে নজর নেই। কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানাচ্ছি।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর, জল জীবন মিশন প্রকল্পের টাকা আটকে থাকায় পাইপলাইন মেরামতির কাজে সমস্যা হচ্ছে। টাকা এলেই তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ