সংবাদদাতা, তেহট্ট : আর ক’দিন বাদেই রথযাত্রা। সেদিন তেহট্টের ঐতিহ্যবাহী কৃষ্ণ রায়ের রথ টেনে হাজার হাজার ভক্ত শহর পরিক্রমায় শামিল হবেন। কিন্তু উৎসবের মুখে তেহট্ট শহরের অধিকাংশ রাস্তার বেহাল দশা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। বৃষ্টিতে কোথাও রাস্তা জলমগ্ন হয়ে পুকুরের চেহারা নিয়ে নেয় , কোথাও আবার কাদা ও পিচ্ছিল অবস্থার কারণে নিত্য দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। রথযাত্রার আগে রাস্তার সংস্কার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেহট্ট পিডব্লিউডি মোড় থেকে পঞ্চায়েত অফিসের সামনের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সামান্য বৃষ্টিতেই ওই রাস্তায় জল জমে যায়। অনেক জায়গায় পিচের অস্তিত্বই চোখে পড়ে না। অথচ এই পথ দিয়েই প্রতিদিন কলেজ, স্কুল, ব্যাংক, আদালত, মহকুমা অফিস, ব্লক অফিস ও বাজারে যাতায়াত করেন হাজার, হাজার মানুষ। রথযাত্রার দিন কৃষ্ণ রায়ের রথও এই পথেই পরিক্রমা করবে।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার দুরবস্থা চললেও প্রশাসনের হেলদোল নেই। এমনকি, প্রশাসনিক কর্তাদেরও প্রতিদিন এই রাস্তা ব্যবহার করতে হলেও সংস্কারের উদ্যোগ চোখে পড়ে না। স্থানীয় বধূ সুপর্ণা মণ্ডল বলেন, রথের আগে অন্তত রাস্তাটা মেরামত হবে বলে আশা করেছিলাম। কিন্তু এখনও কোনো কাজ হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই বেহাল রাস্তা দ্রুত সারানোর নির্দেশ দিয়েছেন। অথচ তেহট্টে তার কোনো প্রতিফলন নেই। মাঝে পঞ্চায়েত থেকে কিছু জায়গায় ঘাস ও ইটের গুঁড়ো ফেলা হয়েছিল, কিন্তু তাতেও সমস্যা আরও বেড়েছে। বৃষ্টিতে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ছে।
যদিও অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক এক আধিকারিক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হচ্ছে। রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।