Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিটিকুরি কাণ্ডে পুলিশের দ্বারস্থ বাসিন্দারা, তদন্তের দাবি বিধায়কের

হাওড়ার বালিটিকুরিতে সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনায় পুলিশকে তদন্তের দাবি জানালেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। বিস্তারিত পড়ুন।

বালিটিকুরি কাণ্ডে পুলিশের দ্বারস্থ বাসিন্দারা, তদন্তের দাবি বিধায়কের
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার বালিটিকুরিতে সরকারি ত্রাণ, পুরসভার সামগ্রী, অস্ত্র এবং কন্ডোম উদ্ধারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এবার পুলিশের দ্বারস্থ হলেন এলাকার বাসিন্দারা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোলাবাজি, সরকারি সামগ্রী বেআইনিভাবে মজুত রাখা সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে দাশনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে শনিবার রাতে থানায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।

Advertisement

বৈঠক শেষে বিধায়ক জানান, অভিযোগকারীরা এলাকার কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। পুলিশ যেন অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে এবং তদন্তে অভিযোগের সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। গত শুক্রবার বালিটিকুরিতে শিবপুরের প্রাক্তন বিধায়ক মনোজ তিওয়ারির কার্যালয় এবং স্থানীয় তৃণমূল নেতার বাড়ির গোডাউন থেকে সরকারি ত্রাণসামগ্রী সহ একাধিক নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি ও নানা অনিয়ম চলছিল। ক্ষুব্ধ জনতা স্থানীয় তৃণমূল নেতা চাঁদু খাঁকে মারধর করে বলে অভিযোগ। রুদ্রনীলের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ওই সামগ্রী কীভাবে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের ব্যক্তিগত গোডাউনে পৌঁছাল, তা তদন্ত করে প্রকৃত তথ্য সামনে আনা প্রয়োজন।

Advertisement
সম্পর্কিত সংবাদ