Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

জুনে রদবদলের সম্ভবনা, বাংলা পেতে পারে আরও ২ কেন্দ্রীয় মন্ত্রী

২১ জুনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে। জানা যাচ্ছে, মোদি সরকারের ক্যাবিনেটে বঙ্গ বিজয়ের পুরস্কার পেতে পারেন রাজ্য বিজেপির এক কিংবা দু’জন সাংসদ

জুনে রদবদলের সম্ভবনা, বাংলা পেতে পারে আরও ২ কেন্দ্রীয় মন্ত্রী
  • ২০ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২১ জুনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে। জানা যাচ্ছে, মোদি সরকারের ক্যাবিনেটে বঙ্গ বিজয়ের পুরস্কার পেতে পারেন রাজ্য বিজেপির এক কিংবা দু’জন সাংসদ। কাল, বৃহস্পতিবার দিল্লিতে মন্ত্রী পরিষদের (কাউন্সিল অব মিনিস্টার্স) বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি মহলের আলোচনা অনুযায়ী জানা যাচ্ছে, মন্ত্রী পরিষদের বৈঠকে প্রত্যেক সদস্যর কাজকর্মের খতিয়ান পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। সেই রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত সার্বিক ক্ষেত্র তৈরি করবেন মোদি স্বয়ং। 

Advertisement

বাংলার যে দু’জন বিজেপি এমপির নাম নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম নাম দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দ্বিতীয়জন হলেন বিষ্ণুপুর লোকসভা আসনের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যদিও এবিষয়ে প্রকাশ্যে কেউই কোনো মন্তব্য করেননি। ঘনিষ্ঠমহলেও একে জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন তাঁরা। মন্ত্রী হলে এক ব্যক্তি এক পদ নীতি মেনে শমীক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি থেকে পদত্যাগ করতে হবে। বাংলার ক্ষেত্রে এখনই বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব এহেন ‘ঝুঁকি’ নেবে কি না, সেই ব্যাপারেও চর্চা শুরু হয়েছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, বাংলায় এমন অভাবনীয় সাফল্যের পুরস্কার স্বরূপ এবার কি মোদি মন্ত্রিসভায় অন্তত একজন পূর্ণমন্ত্রী পাবে বঙ্গ বিজেপি?  
তবে শুধুই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নয়। শীঘ্রই বিজেপির কেন্দ্রীয় টিমেও বড়োসড়ো পরিবর্তন ঘটতে চলেছে। নীতিন নবীন এখনও পর্যন্ত তাঁর নিজের কেন্দ্রীয় টিম তৈরি করেননি। খুব দ্রুত প্রক্রিয়া শুরু হবে বলে রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, বিজেপির বাংলা জয়ের পুরস্কার হিসাবে নিজের কেন্দ্রীয় টিমেও দলের একাধিক বঙ্গ নেতাকে শামিল করতে পারেন নীতিন নবীন। অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-সভাপতির পদ দেওয়া হতে পারে তাঁদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ