নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় এনআই অ্যাক্টের আওতায় আগামী ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যে। কিন্তু এবার ১৭ অক্টোবর সপ্তমী তিথি থাকায়, ওই দিনটিও এনআই অ্যাক্টের আওতায় ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আরজি জানালেন ব্যাংক আধিকারিকরা। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফে এই আবেদন করা হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ‘অতীতে পুজোয় যেমন পাঁচ দিন ছুটি ঘোষণা হয়েছে, তেমনই তিনদিন ছুটিও মিলেছে। সবটাই হয় পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী। এবার সপ্তমী তিথি দুদিন, ১৭ ও ১৮ অক্টোবর। আমাদের আবেদন, রাজ্য সরকার এনআই অ্যাক্টে ১৭ তারিখও ছুটি ঘোষণা করুক। যেহেতু ব্যাংকগুলিতে রাজ্যের এনআই অ্যাক্টে ঘোষিত ছুটিকে মান্যতা দেওয়া হয়, সেই কারণেই আমাদের এই অনুরোধ।’



