নিজস্ব প্রতিনিধি, বরানগর: সংস্কার কাজের জন্য ফের বন্ধ হয়ে গেল বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ। আগের মতো বাস ও পণ্যবাহী গাড়ি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করবে। নিমতাগামী ছোটো গাড়ি ও বাইক সহ অন্যান্য যানবাহন ৪ নম্বর রেল গেট দিয়ে ও ডানলপগামী গাড়ি ২ নম্বর রেল গেট দিয়ে যাতায়াত করবে।
আগামী ১১ দিন অর্থাৎ ৩১ আগস্ট পর্যন্ত ব্রিজ বন্ধ রেখে সংস্কারের কাজ করা হবে। তবে পুজো থাকায় আপাতত বেশি বিপজ্জনক অংশে এই কাজ করা হবে। কালীপুজোর পর নতুন করে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হবে। তখন কাজের প্রয়োজন থাকলে ফের ব্রিজ বন্ধ করা হতে পারে। পূর্তদপ্তর জানিয়েছে, পুজোর আগে আর বন্ধ করা হবে না এই ওভারব্রিজ। বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ উত্তর শহরতলির অন্যতম লাইফলাইন। গার্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারী গাড়ি গেলেই কাঁপতে শুরু করত। তাই গত ১৬ জানুয়ারি মধ্যরাত থেকে উড়ালপুল সম্পূর্ণ বন্ধ করে রেল তাদের অংশে মেরামতির কাজ শুরু করেছিল। ওই কাজ শেষ হয়েছে। কিন্তু ওভারব্রিজের বাকি দুই অংশ রাজ্য সরকারের পূর্তদপ্তরের আওতায়। ওই অংশে ব্রিজের হাল বেহাল। গাড়ি গেলে বিপজ্জনক ভাবে কাঁপতে শুরু করে। রেলের মতো রাজ্য পূর্তদপ্তরও ওই সময় কাজ করতে চেয়েছিল। কিন্তু ওভারব্রিজের নীচে প্রচুর দোকান ছিল। সেই সময় স্থানীয় পুরসভা সহ বিভিন্ন স্তরে চিঠি দিয়ে দোকান সরানোর আবেদন জানিয়েছিল পূর্তদপ্তর। তাতে লাভ হয়নি। তাই রেলের অংশে কাজ মিটতেই মাস খানেক আগে উড়ালপুল খুলে দেওয়া হয়েছিল।কিন্তু উড়ালপুলের দু’দিকে পূর্তদপ্তরের অংশে গার্ডার লাগোয়া মোট ১৪টি আর্টিকুলেশন জয়েন্ট সংস্কার প্রয়োজন।