Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিলের মার্সেলোকে মনে করাচ্ছে কুকুরেয়া

বিশ্বকাপে কুকুরেয়ার খেলার ধরন মার্সেলোর সঙ্গে মিলছে। স্পেনের জয় ও কুকুরেয়ার অবদান নিয়ে বিস্তারিত জানুন।

ব্রাজিলের মার্সেলোকে মনে করাচ্ছে কুকুরেয়া
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রঞ্জন চৌধুরি: ২০২২ বিশ্বকাপের স্মৃতি নিয়ে ফাইনাল দেখতে বসেছিলাম। কিন্তু মেসিদের খেলা দেখে সত্যিই হতাশ। দুরন্ত খেলে বিশ্বসেরা স্পেন। যেভাবে সেমি-ফাইনালে ফ্রান্সকে বোতলবন্দি করে দিয়েছিল, সেই এক স্ট্র্যাটেজিতেই আর্জেন্তিনাকে টেক্কা দিল লুই ডে লা ফুয়েন্তে-ব্রিগেড। এই স্পেনের রক্ষণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। পেড্রো পোরো, কুবার্সি, লাপোর্তে ও কুকুরেয়া— প্রত্যেকেই অসাধারণ। তবে আলাদা করে বলতে হয় কুকুরেয়ার কথা। খেলা দেখে মনে হয়, তিন-চারটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাঠে নামে ও। বাড়তি পাওনা, সুযোগ পেলেই ওভারল্যাপে উঠে আক্রমণে বাড়তি মাত্রা যোগ করা। কুকুরেয়াকে দেখে বারবার মনে পড়ছিল ব্রাজিলের প্রাক্তন লেফট উইং-ব্যাক মার্সেলোর কথা। শুধু চুলের নয়, খেলার ধরনেও দু’জনের মধ্যে বিস্ময়কর মিল রয়েছে।

Advertisement

অফুরন্ত দম, অসাধারণ কভারিং, দুরন্ত স্কিল, আর ওভারল্যাপ করে উঠে মাপা সেন্টার। এই চারটি গুণেই একসময় ফুটবলবিশ্বকে মুগ্ধ করেছিল মার্সেলো। কুকুরেয়ার খেলাতেও সেই একই ছাপ স্পষ্ট। স্পেন ৫-২-৩ ফর্মেশনে খেললেও আক্রমণে উঠলেই সেটি ২-৫-৩ হয়ে যায়। অর্থাৎ, দুই উইং-ব্যাক তখন আক্রমণে সক্রিয় ভূমিকা নেয়। আর কুকুরেয়া এই দ্বৈত ভূমিকায় সমান স্বচ্ছন্দ। একদিকে রক্ষণ সামলায়, অন্যদিকে আক্রমণেও হয়ে ওঠে কার্যকরী অস্ত্র। গোল করে ফেরান তোরেস ম্যাচের নায়ক হয়েছে ঠিকই। কিন্তু এই জয়ে কুকুরেয়ার অবদান কোনও অংশেই কম নয়। খবরের কাগজে দেখলাম, বিশ্বকাপ চলাকালীনই চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে সে। ভালোই হল। একসময় রিয়ালের বাঁ প্রান্তকে অভেদ্য দুর্গে পরিণত করেছিল মার্সেলো। এবার সেই দায়িত্ব কুকুরেয়ার কাঁধেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ