Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মনোজ তেওয়ারির অফিস ও সংলগ্ন ক্লাব থেকে উদ্ধার হল ত্রাণসামগ্রী, দলিল, হকিস্টিক

শিবপুরের প্রাক্তন বিধায়ক মনোজ তেওয়ারির অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার। অভিযোগ, সরকারি ত্রাণ বিক্রির জন্য মজুত ছিল। বিস্তারিত পড়ুন।

মনোজ তেওয়ারির অফিস ও সংলগ্ন ক্লাব থেকে উদ্ধার হল ত্রাণসামগ্রী, দলিল, হকিস্টিক
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালিটিকুরিতে শিবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মনোজ তেওয়ারির অফিস। সেই অফিস, সংলগ্ন ক্লাবসহ বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী, জমিজমা সংক্রান্ত দলিল, ত্রিপল, কম্বল, হকিস্টিক, তলোয়ার, ছুরি ইত্যাদি উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, প্রাক্তন বিধায়কের অফিসের টেবিলের ড্রয়ার থেকে কন্ডোমের প্যাকেটও উদ্ধার হয়েছে। যদিও এ বিষয়ে প্রাক্তন বিধায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Advertisement

অভিযোগ, শুক্রবার সকালে বালিটিকুরি এলাকায় প্রাক্তন বিধায়কের অফিস ও পাশের ক্লাবে তল্লাশি চালিয়ে ওই সব সামগ্রী উদ্ধার করেন স্থানীয় বিজেপি কর্মীরা। পরে ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের একটি গুদাম থেকেও পুরসভার সাফাইকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বালতি, ঝাড়ুসহ বিভিন্ন সামগ্রী মিলেছে বলে অভিযোগ। 
ঘটনাস্থলে উত্তেজনার মধ্যে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগও সামনে আসে। পাশাপাশি, দাসনগরের কাশীপুর এলাকায় প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযোগ, ওই নেতার ক্লাব থেকেও ত্রাণসামগ্রীর পাশাপাশি হকিস্টিক, তলোয়ার ও ছুরি উদ্ধার হয়েছে। বিজেপি নেতা মনোজ গোস্বামী অভিযোগ করেন, সাধারণ মানুষের মধ্যে সরকারি ত্রাণ বিলি না করে তা বেআইনিভাবে বিক্রির জন্য মজুত করে রাখা হয়েছিল। তবে প্রাক্তন কাউন্সিলর ত্রিলোকেশ মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, গুদামে থাকা ত্রাণসামগ্রীর বিষয়টি প্রশাসন ও বর্তমান বিধায়ককে আগেই জানানো ছিল। ওই সমস্ত সামগ্রী পুরসভার তরফেই ওয়ার্ডের জন্য তাঁর ব্যক্তিগত গোডাউনে রাখা হয়েছিল। এদিন আচমকা বিজেপির নাম করে একদল যুবক তাঁর বাড়িতে চড়াও হয়ে এই ঘটনা ঘটায় বলে পালটা অভিযোগ তুলেছেন তিনি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ