সঞ্জয় সরকার, কলকাতা: এডমুন্ডের শট জালে জড়াতেই বিপক্ষের ডাগ-আউটে যুদ্ধ জয়ের উচ্ছ্বাস। কোচ থেকে ফুটবলার, সকলেই শামিল সেলিব্রেশনে। তবে মোহন বাগান কোচ সের্গিও লোবেরা তখনও আশা ছাড়েননি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি। তাই হতাশ না হয়ে ছেলেদের লড়াইয়ে ফেরার উৎসাহ জোগালেন বাগান কোচ। তারপরেই কামব্যাক মোহন বাগানের। ৮৯ মিনিটে জেসন কামিংসের গোলে সমতায় ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। সেই সঙ্গে আইএসএলের খেতাবি দৌড়ে আশা জিইয়ে রাখল লোবেরা-ব্রিগেড। রবিবার ডার্বিতে ড্রয়ের ফলে গোল পার্থক্যের নিরিখে অবশ্যই অ্যাডভান্টেজে ইস্ট বেঙ্গল। তবে ফুটবলের লড়াইয়ে কোনোকিছু অসম্ভব নয়। সেটা ভালোই জানেন বাগানের স্প্যানিশ কোচ। পাশাপাশি আইএসএলে ডার্বিতে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকায় তৃপ্ত তিনি। ম্যাচ শেষে তাই লোবেরা বললেন, ‘এখনই সব শেষ হয়ে যায়নি। মনে রাখবেন, শেষ ম্যাচে কিন্তু ওদের জিততেই হবে। না হলে আমরা জিতলেই চ্যাম্পিয়ন। আর গোল-পার্থক্য নিয়ে মাথা ঘামাতে চাই না। এখন একটাই লক্ষ্য, শেষ ম্যাচ জিতে মাঠ ছাড়া।’ ম্যাচের সংযোজিত সময়ে ম্যাকলারেনের শট রুখে দলের নিশ্চিত পতন আটকান প্রভসুখন গিল। সেটা গোল হলে ম্যাচের ফল ভিন্ন হতেই পারত। লোবেরাও স্বীকার করলেন, ‘পরিকল্পনা মাফিক ফুটবল মেলে ধরেছে ছেলেরা। আমরা অনেক সুযোগ পেয়েছি। শেষ মূহূর্তে গোলটা হলে গোটা চিত্রটাই বদলে যেত।’



