Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬

কোর্টে স্বস্তি ‘খান স্যারে’র, মিলল রক্ষাকবচ

খান স্যারের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার পাটনার জনপ্রিয় শিক্ষক তথা ইউটিউবার ফয়সাল খান ওরফে ‘খান স্যার’কে গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল জেলা আদালত।

কোর্টে স্বস্তি ‘খান স্যারে’র, মিলল রক্ষাকবচ
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: খান স্যারের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার পাটনার জনপ্রিয় শিক্ষক তথা ইউটিউবার ফয়সাল খান ওরফে ‘খান স্যার’কে গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল জেলা আদালত।  অর্থাৎ আপাতত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ। তবে জিজ্ঞাসাবাদ করতে বাধা নেই তদন্তকারীদের। গত ২ জুন খান স্যারের কোচিং সেন্টারের বাইরে অন্তত ৮-১০ রাউন্ড গুলি চলেছিল বলে অভিযোগ। ওই ঘটনায় নাম জড়ায় ফয়সালের। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে পাটনার কদমকুঁয়া থানায় খুনের চেষ্টা ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এফআইআর দায়ের হয়। 

Advertisement

পুলিশ তদন্তে জানতে পেরেছে, ওই রাতে খান স্যারের কোচিং সেন্টারের বাইরে অন্তত ৮ থেকে ১০ রাউন্ড গুলি চলেছিল। এছাড়াও ১৫-২০ জন দুষ্কৃতী তাঁর কোচিং সেন্টারে ভাঙচুর চালায়। এই ঘটনায় প্রতিদ্বন্দ্বী পাশের একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে আঙুল তোলেন ফয়সাল। শত্রুতার বশে এমনটা করা হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও খান স্যারের অভিযোগ অস্বীকার করে পার্শ্ববর্তী কোচিং সেন্টার কর্তৃপক্ষ। পুরো বিষয়টি সাজানো আখ্যা দেয় তারা। যদিও ফয়সালের অভিযোগের ভিত্তিতে ওই কোচিং সেন্টারের ডিরেক্টর সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু গত ৪ জুন গুলি চালানোর একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, খান স্যারের দুই রক্ষীই গুলি চালাচ্ছেন। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়। গুলি চালানোর কথা তাঁরা স্বীকার করে নেন বলে দাবি। ঘটনার সময় খান স্যার উপস্থিত ছিলেন বলেও তাঁদের অভিযোগ। এরপরই খান স্যারের বিরুদ্ধে মামলা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ