সংবাদদাতা, বোলপুর: দলীয় কার্যালয়ে হেনস্তার ঘটনার কয়েকদিনের মধ্যেই নিরাপত্তারক্ষী পেলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের (ডিটিসি) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার জেলা পুলিশের তরফে তাঁর নিরাপত্তার জন্য একজন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আপাতত ওই কর্মী সর্বক্ষণ অনুব্রতর সঙ্গে থাকবেন। তবে এই বিষয়ে জেলা পুলিশের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, সম্প্রতি বিধানসভা ভোটের ফল প্রকাশের পর প্রথমবার বীরভূমের সিউড়ির দলীয় কার্যালয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অনুব্রত মণ্ডল। সিউড়ি পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন তিনি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা এবং এলাকার রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখাই ছিল তাঁর এই সফরের মূল উদ্দেশ্য। কিন্তু সেই সময়েই আচমকা পার্টি অফিসে ঢুকে পড়ে কয়েকজন যুবক। তাঁদের হাতে ছিল মোটা গাছের ডাল ও লাঠি। অভিযোগ, অনুব্রত মণ্ডল সেখানে উপস্থিত থাকাকালীনই কার্যালয়ের ভিতরে ব্যাপক ভাঙচুর চালায় ওই যুবকেরা। এমনকি অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলও ভেঙে দেওয়া হয়। তাঁকে মারধর না করা হলেও তাকে উদ্দেশ্য করে হুমকি দেয় ওই যুবকরা। এর পরেই পুলিশ ঘটনার তদন্ত করে তিনজন যুবককে গ্রেপ্তার করে।



