নয়াদিল্লি: ‘ককরোচ’দের আন্দোলনকে সমর্থন জানাতেই আটক হয়েছিলেন সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন আইনজীবী। অবেশেষে প্রধান বিচারপতি সূর্য কান্তের হস্তক্ষেপে মুক্তি পেলেন তাঁরা। সংবাদ সংস্থাকে সূর্য কান্ত বলেন, ‘আমি শহরের বাইরে রয়েছি। আমার হস্তক্ষেপে ওদের ছাড়া হয়েছে।’ জ্ঞানেশ কুমারের ইস্তফা, এসআইআর সহ একাধিক ইস্যুতে পথে নেমেছে যুব সমাজ। শনিবার দিল্লিতে ‘যন্তরমন্তর ২.০’ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। রাজধানীর একাধিক অঞ্চল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। জমায়েতের চেষ্টা করলেই আন্দোলনকারীদের আটক করা হয়। সিজেপির প্রতিবাদের সমর্থনে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কয়েকজন আইনজীবী। অভিযোগ সেখান থেকে তাঁদের আটক করা হয়। এহেন পরিস্থিতিতে আইনজীবীদের ছাড়াতে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার অনুরোধ জানায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ)। প্রধান বিচারপতিকে একটি চিঠি দেন এসসিবিএ’র সম্পাদক প্রজ্ঞা বাঘেল। চিঠির সঙ্গে একটি প্রস্তাবও দেওয়া হয়। সেখানে আইনজীবীদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসসিবিএ। একইসঙ্গে হস্তক্ষেপ করেন সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ও সলিসিটর জেনারেল তুষার মেহতা। এরপরেই আটক আইনজীবীদের মুক্তির পক্ষে সওয়াল করেন প্রধান বিচারপতি। কিছুক্ষণ পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি নিশ্চিত করার জন্য সূর্য কান্তকে ধন্যবাদ জানান এসসিবিএ’র সভাপতি প্রদীপ রাই।



