Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রেখা পাত্রর স্বামীর ফতোয়া, হিঙ্গলগঞ্জে ফেরিঘাটের অনেক আগে থামছে অটো

হিঙ্গলগঞ্জের লেবুখালি ফেরিঘাটে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। এতদিন হাসনাবাদ থেকে অটোয় সরাসরি ফেরিঘাট পর্যন্ত যাওয়া যেত।

রেখা পাত্রর স্বামীর ফতোয়া, হিঙ্গলগঞ্জে  ফেরিঘাটের অনেক আগে থামছে অটো
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হিঙ্গলগঞ্জের লেবুখালি ফেরিঘাটে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। এতদিন হাসনাবাদ থেকে অটোয় সরাসরি ফেরিঘাট পর্যন্ত যাওয়া যেত। এখন অটোগুলি বাসস্ট্যান্ডেই যাত্রা শেষ করছে। ফলে ফেরিঘাটে যেতে হলে যাত্রীদের বেশ কিছুটা পথ হেঁটে যেতে হচ্ছে। সমস্যায় পড়েছেন তাঁরা। সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে প্রবীণ, অসুস্থ মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা এবং শিশুদের। কখনও প্রখর রোদ, আবার কখনও বৃষ্টিতে ভিজে কাদা-জল পেরিয়ে ফেরিঘাট যেতে হচ্ছে যাত্রীদের। অনেক সময় যাত্রীদের হাতে ভারী ব্যাগ থাকে, তা নিয়ে হাঁটতে গিয়ে নাজেহাল অবস্থা হচ্ছে তাঁদের। ভোগান্তির বিষয়টি তুলে ধরে সমাজমাধ্যমে সরব হয়েছেন ডাঃ অরুণোদয় মণ্ডল। তাঁর পোস্টে স্থানীয় বিধায়ক রেখা পাত্রর স্বামীকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

Advertisement

ওই চিকিৎসকের বক্তব্য, লেবুখালি ফেরিঘাটের প্রায় পাঁচশো মিটার দূরে অটো দাঁড়িয়ে যাচ্ছে। মানুষকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ঘাটে। খোঁজ নিয়ে জানতে পেরেছি, ‘বিধায়ক রেখা পাত্রের স্বামী রাস্তার উপর দাগ কেটে নির্দেশ দিয়েছেন যে, এরপর আর যাত্রী নিয়ে অটো যেতে পারবে না। আমার প্রশ্ন, এতদিন অটো সরাসরি ফেরিঘাট পর্যন্ত যেত, সেখানে হঠাৎ বন্ধ করা হল কেন? 
যদিও বিষয়টি নিয়ে বিধায়ক রেখা পাত্র বলেন, লেবুখালি ফেরিঘাট সংলগ্ন রাস্তা অত্যন্ত সংকীর্ণ। দু’টি গাড়ি একসঙ্গে চলাচল করতে পারে না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মানুষের নিরাপত্তার স্বার্থেই আপাতত বাসস্ট্যান্ড পর্যন্ত অটো চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বাসস্ট্যান্ড থেকে ফেরিঘাটের দূরত্ব খুব বেশি নয়, মাত্র দু’মিনিটের হাঁটাপথ।

Advertisement
সম্পর্কিত সংবাদ