সংবাদদাতা, শিলিগুড়ি: হকারদের উচ্ছেদের আগে তাঁদের পুনর্বাসন ও বিকল্প রুজি-রোজগারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়িতে। পাশাপাশি এনজেপি স্টেশনের কাছে যৌথ উদ্যোগে একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা করা হয়েছে। আজ শনিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে এসে এমনটাই জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তিনি আরও জানান, জলপাইগুড়ি স্টেশন চত্বরের হকারদের উচ্ছেদের ক্ষেত্রে তাঁদের যেন কোনো অসুবিধা না হয় তা দেখেই সমস্ত কাজ করা হবে। তাঁদের দীর্ঘদিনের রুজি-রোজগার যাতে হঠাৎ বন্ধ হয়ে না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি। হকারদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই বিকল্প জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে পরিকল্পিতভাবে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও জানান, হকারদের জীবিকার বিষয়টি মাথায় রেখে রেল ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শুধু উচ্ছেদ নয় হকারদের জন্য বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরদিকে এনজেপি স্টেশনের কাছে যৌথ উদ্যোগে হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানান জয়ন্ত রায়। হাসপাতালে তৈরি হলে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকার মানুষ অনেকটা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।



