হায়দরাবাদ: তারিখ পে তারিখ...। ‘দামিনি’ সিনেমার এই সংলাপ বিচার ব্যবস্থার ঢিলেমি নিয়ে ক্ষোভ তুলে ধরেছিল। এবার সেই সুর ধরা পড়ল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের গলাতেও। শনিবার হায়দরবাদে এক অনুষ্ঠানে বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধান বিচারপতির কথায়, ভারতের আইনি ব্যবস্থায় একাধিক সমস্যা রয়েছে। দশকের পর দশক ধরে কোনও কোনও মামলার শুনানি চলছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায়। মামলার পাহাড় জমেছে। অবিলম্বে এগুলির সংশোধন করা প্রয়োজন।
এদিন হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। সেখানেই গাভাই বলেন, ‘আমাদের দেশের আইনি ব্যবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। একটি মামলার শুনানিতেই দশকের পর দশক লেগে যায়। এমন অনেক মামলা রয়েছে, যেখানে বহু বছর জেল খাটার পর অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হয়। বিচারের দীর্ঘসূত্রিতার জেরে সুবিচার পেতে বছরের পর বছর অপেক্ষায় থাকেন সাধারণ মানুষ’। একইসঙ্গে এই সমস্যা দ্রুত কাটিয়ে ওঠা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের উদ্দেশে প্রধান বিচারপতির বার্তা, শুধুমাত্র ক্ষমতা বা প্রভাব দেখে ‘মেন্টর’ খোঁজো না। এমন মেন্টরের কাছে যাও, যেখানে আইনের প্রতি দায়বদ্ধতা, সততা, নৈতিক মূল্যবোধ শেখার সুযোগ রয়েছে। তাঁর কথায়, উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে স্কলারশিপ নিয়ে বিদেশে যাও। এক্ষেত্রে পরিবারের উপর আর্থিক চাপ না দেওয়াই ভালো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিমহা।