নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসির মতো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে প্রাথমিক স্তরেও। সাধারণ সহ-শিক্ষকের জন্য ১৩ হাজার ৫০৬টি পদে ইন্টারভিউ শুরু হয়েছিল। অন্যান্য দফার ইন্টারভিউ হয়ে গেলেও ভোটের জন্য দশম দফার ইন্টারভিউ স্থগিত হয়ে যায়। প্রায় দুমাসেও এই নিয়োগ নিয়ে কোনো পদক্ষেপ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিকে, স্পেশাল এডুকেটর পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয় ৩০ মার্চ। ৭৯৮ জন উত্তীর্ণ প্রার্থীর ইন্টারভিউও হয়। তবে, সেটির প্যানেল প্রকাশ করা যায়নি। এই দুটি নিয়োগের ক্ষেত্রে বড়ো আইনি জটিলতা নেই বলেই দাবি ওয়াকিবহাল মহলের। তবে, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতাও এই দেরির কারণ হতে পারে বলে অনেকের মত।
এসএসসির নিয়োগ প্রক্রিয়া শুরু না-হওয়ার জন্য মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপক বর্মন দায়ী করেন অসংখ্য মামলাকে। জাতীয় গ্রন্থাগারে বিজেপি শিক্ষক সেলের অনুষ্ঠান শেষে মন্ত্রীর আশ্বাস, আইনি জটিলতা কাটিয়ে নিয়োগ দ্রুত শুরু হবে।
উল্লেখ্য, দ্রুত নিয়োগের দাবিতে এসএসসির চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের ৮ তারিখের নির্দিষ্ট প্রতিবাদ কর্মসূচি বাতিল ঘোষণা করেছে। প্রসঙ্গত, ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সূচি রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার মধ্যে নিয়োগ শেষ করা সম্ভব নয়। তাই রাজ্যের তরফে কোর্টের কাছে আগাম সময় চেয়ে রাখা হোক, চান প্রার্থীরা। না-হলে চাকরিহারা শিক্ষকদের দাবিপূরণ কঠিন হবে।



