নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিবিআইয়ের দায়ের করা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলায় জামিনে থাকা দুই অভিযুক্ত আদালতে ‘রাজসাক্ষী’ হতে চেয়ে আবেদন জানালেন। বুধবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত এই আবেদন মঞ্জুর করে। ওই দুই অভিযুক্ত হলেন পর্ণা বসু ও সমরজিৎ আচার্য। এই মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী বলেন, ‘নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অনেক আগেই চার্জশিট হয়ে গিয়েছে। মূল মামলার শুনানি চলছে। এই অবস্থায় দুই অভিযুক্ত রাজসাক্ষী হতে চেয়ে কোর্টে আবেদন জানিয়েছেন। আমরা আমাদের বক্তব্য কোর্টের কাছে তুলে ধরেছি।’ দীর্ঘ শুনানির শেষে আদালত ওই আবেদনে সিলমোহর দেয়। আলিপুর আদালতের আইনজীবীদের একাংশের বক্তব্য, এমন একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিপর্বে রাজসাক্ষী হওয়ার আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে এই মামলার গতিপথ অনেকটাই ঘুরে গেল বলে তাঁদের অভিমত। আদালত সূত্রে জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার ওই দুই অভিযুক্ত কোর্টে হাজির হয়ে তাঁদের বক্তব্য পেশ করবেন বিচারকের কাছে।



