Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৪৪ হাজার ২০৩টি পদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, ৩০ মে বিজ্ঞপ্তি, জানালেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যেই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৪৪ হাজার ২০৩টি পদে শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ, ৩০ মে বিজ্ঞপ্তি, জানালেন মুখ্যমন্ত্রী
  • ২৭ মে, ২০২৫ ১৮:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী ৩১ মে-র মধ্যেই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। আজ, মঙ্গলবার বিকেল ৫টায় নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ মে এসএসসি-তে শিক্ষক, শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তবে সমান্তরাল ভাবে রাজ্য নজর রাখবে রিভিউ পিটিশনের দিকেও।

Advertisement

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রথমেই শিক্ষকদের বলব, আমরা এটা করতে বাধ্য হচ্ছি। আমরা চাই সকলে চাকরি ফিরে পাক। যেহেতু শীর্ষ আদালতের অর্ডার রয়েছে তাই ৩১ মে-র মধ্যে বিজ্ঞপ্তি জারি করতেই হবে। ভেবেছিলাম, রাজ্যের তরফে করা রিভিউয়ে অন্য কিছু হতেও পারে। কিন্তু এখনও রিভিউ পিটিশন পেন্ডিং। আদালতেও গরমের ছুটি চলছে। এদিকে ৩১ মে-র মধ্যে নোটিফিকেশনও করতে হবে। সেই নির্দেশনুযায়ী, ৩০ মে বিজ্ঞাপন দেওয়া হবে। তবে বার বার বলব রিভিউ অপশন হাতে রয়েছে।

পাশাপাশি এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গরমের ছুটির পর আদালত খুললে রিভিউ নিয়ে ফের আলোচনা হবে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগের যে নির্দেশ দিয়েছেন, তা মানা না হলে সমস্যা হতে পারে। যদি কখনও তিনি বলে দেন যে নির্দেশ মানা হয়নি বলে সবটাই বাতিল করা হল। এই পরিস্থিতি তৈরি হোক এটা আমরা চাই না। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা সবদিকই বজায় রাখব। যদি রিভিউয়ে বলা হয়, আপনাদের পরীক্ষা দিতে হবে না। তখন আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথাই শুনব। 

নতুন নিয়োগ সম্পর্কে মমতা জানান, বিজ্ঞাপন দেওয়া হবে ৩০ মে। অনলাইনে আবেদন করা যাবে ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত। ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ এবং কাউন্সেলিং হবে ২০ নভেম্বর। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।

নতুন নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্যপদ রাখা হয়েছে ৪৪ হাজার ২০৩টি। এরমধ্যে আগের শূন্যপদ ছিল ২৪ হাজার ২০৩টি। নতুন পদের মধ্যে নবম থেকে দশম শ্রেণির জন্য ১১ হাজার ৫১৭ জন, একাদশ থেকে দ্বাদশ শ্রেণির জন্য ৬ হাজার ৯১২ জন অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া গ্রুপ সি এবং গ্রুড ডি পদের জন্য যথাক্রমে ৫৭১ ও ১০০০ জন কর্মী নিয়োগ করা হবে।

অন্যদিকে, চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, যারা স্কুলে যাচ্ছেন যান। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন। যথাযথ জায়গায় মর্যাদার সঙ্গে ফিরে আসার জন্য চেষ্টা করুন। সুযোগ আসবে তার সদ্ব্যবহার করুন। কোর্টের নির্দেশ না মানলে ২৬ হাজার শিক্ষকই বিপদে পড়তে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ