সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। তবে, অন্য দু’টি মামলায় জেল হেপাজতের নির্দেশ বহাল থাকায় আপাতত তাঁর মুক্তি হল না। জেল হেপাজতে থাকাকালীন নবদ্বীপ থানার পুলিশ এই নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে বিমানকৃষ্ণবাবুকে গ্রেপ্তারের আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করলে গত ৬ জুন তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ চার্জশিট জমা না দেওয়ায় তিনি জামিন পান।
প্রসঙ্গত, নবদ্বীপের অন্য একটি সমবায় ব্যাংকের নিয়োগ দুর্নীতি মামলায় দু’দিনের পুলিশ হেপাজত শেষে মঙ্গলবার তাঁকে নবদ্বীপের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। উভয়পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক তাঁকে ফের জেল হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৩জুলাই নদীয়া জেলা বিজেপির সদস্য সৌরভ গোস্বামী নবদ্বীপ থানায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০১৮ সালে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা লিখিত পরীক্ষা ছাড়াই ওই সমবায় ব্যাংকে তিনজনকে নিয়োগ করা হয়। তৎকালীন পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণবাবুর সুপারিশেই ওই নিয়োগ হয়েছিল বলে অভিযোগ। সূত্র জানাচ্ছে, ২০১৮ সালের ৭ আগস্ট সমবায় ব্যাংকের তৎকালীন সেক্রেটারির কাছে পুরসভার চেয়ারম্যানের প্যাডে ওই তিনজনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল। অভিযোগকারী সৌরভ গোস্বামীর দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়াই ছিল অস্বচ্ছ ও বেআইনি। প্রয়োজনীয় নথিপত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, গত মে মাসে স্থানীয় একটি ক্লাবে সরকারি ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগে পুলিশ প্রথম বিমানকৃষ্ণবাবুকে গ্রেপ্তার করেছিল।