Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

সদ্য মৃত দাতার হাড় দিয়ে রোগীর গুঁড়ো হয়ে যাওয়া অস্থি পুনর্গঠন, নজির আর জি করের

সদ্যোমৃত দাতার থাইয়ের হাড় দিয়ে নতুন করে তৈরি হল লরি দুর্ঘটনায় গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া রোগীর হাড়। এই প্রথম এধরনের ‘অ্যালোগ্রাফট’ প্রতিস্থাপন করা হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে।

সদ্য মৃত দাতার হাড় দিয়ে রোগীর গুঁড়ো হয়ে যাওয়া অস্থি পুনর্গঠন, নজির আর জি করের
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য মৃত দাতার থাইয়ের হাড় দিয়ে নতুন করে তৈরি হল লরি দুর্ঘটনায় গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া রোগীর হাড়। এই প্রথম এধরনের ‘অ্যালোগ্রাফট’ প্রতিস্থাপন করা হল আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার অর্থোপেডিক বিভাগে এই ঘটনা ঘটে। বিভাগীয় প্রধান ডাঃ এস কুমার দাবি করেন, শুধু আর জি কর নয়, পূর্ব ভারতের মধ্যে এই ঘটনা প্রথম ঘটল। 

Advertisement

সূত্রের খবর, রোগীর নাম রিজাউদ্দিন মণ্ডল। বয়স ৩১। বাড়ি উত্তর ২৪ পরগনার বিড়ায়। ২০২৩ সালে এক ভয়াবহ লরি দুর্ঘটনায় তাঁর থাইয়ের হাড়ের (ফিমার) নীচের অংশের মাথাটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। প্রথমে প্লাস্টিক সার্জারি হয়। তারপর ২০২৪ সালে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির শরীরের হাড়ের অংশ (অটোগ্রাফট) দিয়ে ক্ষত পূরণ করবার চেষ্টা হয়। লাভ তেমন হয়নি। 
এই পরিস্থিতিতে দুটি বিকল্প ছিল। প্রথমত, দুর্ঘটনাগ্রস্ত পা কেটে বাদ দেওয়া। দ্বিতীয়ত, সদ্য মৃত কোনো দাতার থাইয়ের হাড়ের অংশ দিয়ে পুনর্গঠন করা। এই ধরনের হাড় শহরে না-মেলায় দেশে এই বিষয়ে যে সংস্থা কাজ করে, তাদের সঙ্গে যোগাযোগ করে আর জি কর। রিজাউদ্দিনের পায়ের ঠিক যতটা অংশ পূরণ দরকার, তার থ্রি ডি প্রিন্ট করা হয়। তা কোম্পানিকে পাঠিয়ে আনানো হয় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির মাপের দাতার হাড়। সরকার এই বাবদ ২ লক্ষ ৪০ হাজার টাকা খরচ বহন করে। গ্রহীতার পায়ে সেটাই প্রতিস্থাপিত হয় নিখুঁতভাবে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ