সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার রাজ্য বিধানসভায় পেশ হওয়া বাজেট প্রস্তাবে বাগনানকে পৃথক পুরসভা করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে এর আগে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর বাগনানকে আলাদা পুরসভা করার কথা ঘোষণা করেছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বিষয়টির উল্লেখ করায় বাগনানকে পুরসভা করার ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। এর ফলে খুশির হাওয়া বাগনানে। জানা গিয়েছে, বাম আমলের শেষের দিকে বাগনানকে পুরসভা করার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেইসময় পুর ও নগরোন্নয়ন দপ্তরও সবুজ সংকেত দিয়েছিল। দপ্তর থেকে নির্দেশ পেয়ে জেলা প্রশাসন পুরসভা গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছিল। ঠিক হয়েছিল খালোড়, বাগনান ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতকে নিয়ে পুরসভা গঠন করা হবে। তিনটি গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীরা পঞ্চায়েতে নাকি প্রস্তাবিত পুরসভায় কাজ করতে চান, তা তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল। এরপর সেই প্রস্তাব পুর ও নগরোন্নয়ন দপ্তরে পাঠানো হয়। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং পুর ও নগরোয়ন্নন দপ্তরের মধ্যে চিঠি আদানপ্রদান হলেও শেষমেশ প্রস্তাবটি ঠান্ডাঘরে চলে যায়। এরপর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বাগনানকে পুরসভা করার কথা ঘোষণা করল।



