Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আসানসোলে জনবহুল রাস্তায় বেপরোয়া গাড়ি, জনতার রোষে চালক

রবিবার আসানসোলের সেনর‌্যালে এলাকার জনবহুল রাস্তায় বেপরোয়া গাড়ি চালিয়ে জনতার রোষে পড়ল এক যুবক। একের পর এক গাড়িকে ধাক্কা মারায় উত্তেজিত জনতা ধাওয়া করে ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়।

আসানসোলে জনবহুল রাস্তায় বেপরোয়া গাড়ি, জনতার রোষে চালক
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার আসানসোলের সেনর‌্যালে এলাকার জনবহুল রাস্তায় বেপরোয়া গাড়ি চালিয়ে জনতার রোষে পড়ল এক যুবক। একের পর এক গাড়িকে ধাক্কা মারায় উত্তেজিত জনতা ধাওয়া করে ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল উত্তর থানার প্রশাসনিক ভবন মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে ছিল একের পর এক গাড়ি। জুবলি মোড় থেকে ভগৎ সিং মোড় অভিমুখে যাওয়া লেনে পিছনে থেকে একটি চারচাকা গাড়ি অতি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে। তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর আরও দ্রুতগতিতে গাড়িটি চালাতে থাকে চালক। এরপরই উত্তেজিত জনতা গাড়িটি ধাওয়া করে। আসানসোল দক্ষিণ থানার রেলব্রিজের কাছে গাড়িটির স্পিড কমতেই গাড়ি আটকে শুরু হয় ইটবৃষ্টি। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘাতক গাড়ির চালককে আটক করে নিয়ে যায় পুলিস।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনায় দু’জন চোট পেয়েছেন। একাধিক গাড়ি ও স্কুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক নেশাগ্রস্ত ছিলেন। এসিপি বিশ্বজিৎ নস্কর বলেন, ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে তদন্ত করা হবে। বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন আগে এই গাড়িটিই আসানসোল দক্ষিণ থানার কুমারপুরে দু’জনকে ধাক্কা মেরেছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ