Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়া বাসের ধাক্কা মোটরবাইকে, ৩০ ফুট দূরে ছিটকে পড়ল যুবকের মুণ্ড!

দীঘাগামী জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় আলাদা হয়ে গেল যুবকের ধড় ও মুণ্ড। সেই কাটা মুণ্ড প্রায় ৩০ ফুট দূরে ছিটকে রাস্তার ধারে পড়ল

বেপরোয়া বাসের ধাক্কা মোটরবাইকে, ৩০ ফুট দূরে ছিটকে পড়ল যুবকের মুণ্ড!
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দীঘাগামী জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় আলাদা হয়ে গেল যুবকের ধড় ও মুণ্ড। সেই কাটা মুণ্ড প্রায় ৩০ ফুট দূরে ছিটকে রাস্তার ধারে পড়ল। বৃহস্পতিবার বিকাল ৪টা নাগাদ চণ্ডীপুর থানার শ্রীকৃষ্ণপুরে ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক ওই পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। তাঁরা একটি বাইকে ছিলেন। উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী বাসের নীচে বাইক সহ দু’জনে ঢুকে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। একজনের ধড় ও মুণ্ড আলাদা হয়ে যায়। মাথা কেটে প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে। চণ্ডীপুর থানার পুলিশ গিয়ে দু’জনের দেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম আদিত্য পড়াল(২৩) ও দীপ মণ্ডল (২১)। তাঁদের বাড়ি হাওড়ার দাশনগর থানা এলাকায় বলে জানা গিয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার হয়েছে। বাসটি আটক করা হয়েছে।

Advertisement

এদিন বিকাল ৪টা নাগাদ একটি বাইকে হাওড়ার দাশনগর এলাকার দুই যুবক দীঘার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিলেন। চণ্ডীপুর থানার শ্রীকৃষ্ণপুরের কাছে কাঁথিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে বাইক সহ দু’জন বাসের নীচে চলে যান। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। চণ্ডীপুর থানার পুলিশের টহলরত ভ্যান দুর্ঘটনাস্থল থেকে দু’জনের দেহ উদ্ধার করে এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে প্রচুর লোকজন ভিড় করেন। পুলিশি হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত একজনের পকেট থেকে একটি মোবাইল ছিটকে রাস্তার ধারে পড়েছিল। ওই মোবাইল থেকে বাড়ির লোকজনকে ফোন করে দুর্ঘটনার খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ