Bartaman Logo
২৯ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালতীপুরে বিধায়কের উদ্যোগে পুরোহিত ও আদিবাসী সম্প্রদায়ের ধর্মগুরুদের সংবর্ধনা

মালতীপুরে বিধায়কের উদ্যোগে পুরোহিত ও আদিবাসী সম্প্রদায়ের ধর্মগুরুদের সংবর্ধনা
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০

উজির আলি,  চাঁচল: ঈদের আগে ১৫০০’র বেশি ইমাম ও মোয়াজ্জেমকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। তিন সপ্তাহ পরে শুক্রবার পাঁচ শতাধিক পুরোহিত ও আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবা, নায়েগা বাবা, পাহান বাবা সহ বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা দেওয়া হল। মালদহ জেলার মালতীপুর লাইব্রেরি মাঠে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। মালতীপুরের বিধায়ক তথা মালদহ জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্যোগে ওই অনুষ্ঠানে বিধানসভার ১১টি পঞ্চায়েতের পুরোহিত ও আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবা, নায়েগা বাবা ও পাহান বাবারা হাজির হয়েছিলেন। এদিন বিকেলে শিশুদের নৃত্য পরিবেশন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই ও শিউলি খাতুন, চাঁচল-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা, সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ স্যানাল, জেলা তৃণমূলের আদিবাসী সেলের সভাপতি চুনিয়া মুর্মু ও চাঁচল-২ ব্লক তৃণমূলের আদিবাসী সেলের সভাপতি ভাইয়ো মুর্মু সহ অন্যান্যরা। সংবর্ধনা মঞ্চে সম্প্রীতির বার্তা তুলে ধরেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। এলাকায় সর্বধর্মের মানুষকে তিনি সম্মান জানিয়ে বক্তব্য রাখেন। বাংলায় যারা বিভেদের রাজনীতি করছে তাদের অস্তিত্ব থাকবে না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ২০১১ সালে প্রথমবার বিধায়ক হয়ে সর্বধর্মের ধর্মগুরুদের সংবর্ধনা দিয়ে সম্মান জানিয়ে আসছি। ২০১৬ সাল থেকে পাঁচ বছর জনপ্রতিনিধি না থেকেও এই কর্মসূচি চালিয়েছি। সংবর্ধনা মঞ্চ থেকে নেমে গৌরহন্ডের পুরোহিত শুকদেব মহালদার বলেন, প্রতিবছর বিধায়ক সম্মান জানান। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আদিবাসী সম্প্রদায়ের নায়েগা বাবা দেওয়ান মুর্মু বলেন, ১০ কিমি দূর থেকে সংবর্ধনা নিতে এসেছি। প্রতি বছর বিধায়কের তরফে ডাক পাই।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ