নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লক্ষ্মীর ভাণ্ডার পেতেন অথচ অন্নপূর্ণা যোজনায় ভাতা পাচ্ছেন না কারা? তা জানতে এবার বাড়ি বাড়ি যাওয়া শুরু করলেন জলপাইগুড়ি পুরসভার কংগ্রেস কাউন্সিলার অম্লান মুন্সি। যাঁরা অন্নপূর্ণা যোজনায় ভাতা পাচ্ছেন না তাঁদের নামের তালিকা তৈরি করে গত সোমবার মহকুমা শাসকের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ওই কাউন্সিলার। তাঁর বক্তব্য, বর্তমান রাজ্য সরকার প্রথমে বলেছিল যেসব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান তাঁরা সকলেই অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন। সেক্ষেত্রে যাঁরা অন্নপূর্ণা যোজনায় ভাতা পাচ্ছেন না তাঁদের কেন বাদ দেওয়া হল? তাঁদের প্রত্যেককে চিঠি পাঠিয়ে যেন প্রশাসনের তরফে সেই বিষয়টি জানানো হয়। পাশাপাশি অম্লানের বক্তব্য, এসআইআরের সময় যেমন প্রত্যেককে নোটিস পাঠানো হয়েছিল এক্ষেত্রেও প্রত্যেককে চিঠি দিয়ে জানাতে হবে কেন তাঁকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হল না। সেই সঙ্গে কোনো মহিলার স্বামী যদি চাকরি করেন এই কারণ দেখিয়ে তাঁর স্ত্রীর বাসে পিঙ্ক কার্ড না হয় অথবা অন্নপূর্ণা যোজনার টাকা না মেলে। সেক্ষেত্রে যেসব বিধায়ক চাকরি করেন, ভালো বেতন পান, তাঁরা কেন জনগণের টাকায় বিধায়ক হিসাবে সুযোগ সুবিধা পাবেন? এই প্রশ্নও তোলা হয়েছে। এনিয়ে কংগ্রেস জলপাইগুড়িতে আন্দোলনেও নামতে চলেছে বলে জানান দলের টাউন ব্লক সভাপতি অম্লান মুন্সি।!



