কোচ মরিনহোর চালে এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের, জোড়া গোল এমবাপের
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা- ১          :           রিয়াল মাদ্রিদ- ২
(রাফিনহা)                              (এমবাপে-২)

Advertisement

বার্সেলোনা: দুরন্ত আক্রমণভাগ। মাঝমাঠে একঝাঁক সৃজনশীল ফুটবলারের উপস্থিতি। অথচ বছরের পর বছর বার্সেলোনার রক্ষণের ছবি একইরকম। একগাদা অর্থ খরচ করে আপফ্রন্টে একের পর তারকা ফুটবলার দলে নিচ্ছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তে। অথচ কার্লোস পুওল, জেরার্ড পিকের পর ভালো ডিফেন্ডার সই করাতে ব্যর্থ তাঁরা। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার রক্ষণের দুর্বলতার ডুবতে হয়েছে কাতালন ক্লাবটিকে। তা সত্ত্বেও টনক নড়েনি কর্তাদের। রবিবার লিগের এল ক্লাসিকোয় প্রতিপক্ষের এই দুর্বল জায়গাতেই ঘা দিলেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের হেড কোচের পদে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মর্যাদার লড়াইয়ে শেষ হাসি হাসলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। বিপক্ষের ডেরাতেই ২-১ ব্যবধানে জিতল মাদ্রিদের ক্লাবটি। জোড়া গোলে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপে। বার্সার একমাত্র গোলদাতা রাফিনহা। ম্যাচে সব বিভাগে দাপট দেখিয়েও স্রেফ রক্ষণের দুর্বলতা আর অ্যাটাকারদের ব্যর্থতায় চলতি মরশুমে লিগে প্রথম হারের স্বাদ পেল হান্স ফ্লিকের ছেলেরা। আর দীর্ঘ তিন বছর পর ক্যাম্প ন্যুয়ে জয়ের মুখ দেখল রিয়াল। হারলেও ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বার্সা। আর সমসংখ্যক ম্যাচে রিয়ালের সংগ্রহ ২৪।
দীর্ঘ ১৩ বছর পর রিয়ালের কোচের পদে ফিরেই নিজের জাত চেনালেন মরিনহো। অথচ রবিবার ম্যাচের আগে অবিসংবাদিত ফেভারিট হিসাবেই ঘরের মাঠে নেমেছিল বার্সা। শুরুটাও দারুণ করেও গোলের দেখা পাননি গর্ডন-ইয়ামালরা। বরং ৪১ মিনিটে গতির বিপরীতে লিড নেয় রিয়াল। এক্ষেত্রে বাঁ প্রান্ত থেকে কুকুরেয়ার সেন্টার ক্লিয়ার করতে গিয়ে জেরার্ড মার্টিনের শট এমবাপের গায়ে লেগে বল জালে জড়ায় (১-০)। কিছুটা পড়ে পাওয়া চোদ্দ আনার মতো গোলে ভর করেই প্রথমার্ধে মাঠ ছাড়ে রিয়াল।
বিরতির পর ম্যাচে সমতায় ফিরতে চাপ বাড়ায় বার্সা। ৬১ মিনিটে দুরন্ত শটে রিয়ালের জাল কাঁপান রাফিনহা (১-১)। এই পর্বে মনে হয়েছিল, ঘরের মাঠে জাঁকিয়ে বসবে বার্সা। তবে ইয়ামাল যে এখনও সাবালক হতে পারেননি, তা ফের প্রমাণিত। একক দক্ষতায় তিনি কখনওই বিপক্ষ ডিফেন্ডারদের টেক্কা দিতে পারেননি। অন্যদিকে, এমবাপে কেন বর্তমান প্রজন্মের অন্যতম সেরা, তা আবার প্রমাণ করলেন। ম্যাচের ৮৭ মিনিটে কামাভেঙ্গার পাস থেকে দুই ডিফেন্ডারের মার্কিং এড়িয়ে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন ফরাসি তারকা (২-১)। আর ডাগ-আউটে দু’হাঁটু গেড়ে বসে মরিনহোর সেলিব্রেশনে ছিল স্পষ্ট বার্তা, তিনি এখনও ফুরিয়ে যাননি।