Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রাক্তন দলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এমবাপের, পিএসজি’কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি রিয়াল

২০১৭ থেকে ২০২৪। দীর্ঘ সাত বছর পিএসজি’র হয়ে খেলেছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকাকে সামনে রেখেই ইউরোপ সেরার স্বপ্ন দেখত প্যারিসের ক্লাবটি।

প্রাক্তন দলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এমবাপের, পিএসজি’কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি রিয়াল
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ২০১৭ থেকে ২০২৪। দীর্ঘ সাত বছর পিএসজি’র হয়ে খেলেছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকাকে সামনে রেখেই ইউরোপ সেরার স্বপ্ন দেখত প্যারিসের ক্লাবটি। তবে এই পর্বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চূড়ান্ত ব্যর্থ তারা। তবে গত মরশুমে স্বদেশের ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। আর ভাগ্যের কী পরিহাস। সদ্যসমাপ্ত মরশুমেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি। শুধু তাই নয়, দু’পক্ষের মধ্যে তিক্ততা এতটাই বাড়ে যে, প্রাক্তন দলের বিরুদ্ধে হয়রানির মামলা করেন এমবাপে। তবে বুধবার ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে পিএসজি’র মুখোমুখি হওয়ার আগে তা প্রত্যাহার করে নিয়েছেন রিয়াল তারকা। মাঠের বাইরে তিক্ততা ভুলে মাঠেই যাবতীয় বঞ্চনার জবাব দিতে চান এমবাপে। 
কোচ লুই এনরিকের হাত ধরে চলতি মরশুমটা দারুণ কেটেছে প্যারিসের ক্লাবটির। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে তারা। এছাড়া ত্রিমুকুটের স্বাদও পায় এনরিকে-ব্রিগেড। ক্লাব বিশ্বকাপেও সেই ছন্দ ধরে রেখে শেষ চারে পৌঁছেছেন হাকিমি-ডেম্বেলেরা। তবে এবার লড়াইটা আরও কঠিন। তাদের সামনে টুর্নামেন্টের সফলতম দল। ইতিমধ্যেই পাঁচবার ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল। তবে দীর্ঘ সময় বাদে সদ্য সমাপ্ত মরশুমে ট্রফিহীন থাকতে হয়েছে মাদ্রিদের ক্লাবটিকে। তাই ক্লাব বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সেই আক্ষেপ মেটাতে প্রস্তুত জাবি আলোন্সোর ছেলেরা। সেই লক্ষ্যে এমবাপেকে সামনে রেখেই দুরন্ত ছন্দে থাকা পিএসজি’কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি রিয়াল কোচ।
পেটের সমস্যার কারণে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনও ম্যাচ খেলতে পারেননি এমবাপে। এমনকী, নক-আউট পর্বে জুভেন্তাস ও বরুসিয়ার বিরুদ্ধে পরিবর্ত হিসেবেই তাঁকে ব্যবহার করেন কোচ আলোন্সো। শেষ আটের লড়াইয়ে ফরাসি তারকার গোলেই জয় নিশ্চিত করে রিয়াল। প্রাক্তন দলের বিরুদ্ধেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য ফরাসি তারকার। তবে পিএসজি কোচ এনরিকে অবশ্য এমবাপে-ভিনিসিয়াসের চেয়েও আর্দা গুলেরকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। রিয়াল আপফ্রন্টে দুরন্ত ছন্দে থাকা গঞ্জালো গার্সিয়াকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন পিএসজি কোচ। চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই চারটি গোল রয়েছে তরুণ এই স্প্যানিশ স্ট্রাইকারের নামের পাশে। তাই ক্লাব বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করতে রিয়ালের আপফ্রন্টকে শান্ত রাখাই বড় চ্যালেঞ্জ হতে চলেছে পিএসজি’র সামনে।

Advertisement


 ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে।

সম্পর্কিত সংবাদ