Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ

২০১৫-১৬ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্ব।

ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিউনিখ: ২০১৫-১৬ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্ব। প্রতিপক্ষ জার্মান ক্লাব উলফসবার্গ। সেবার প্রথম লেগে দু’গোলে হারের পরও দুরন্ত প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনবদ্য হ্যাটট্রিকের সৌজন্যে শেষ চারের টিকিট নিশ্চিত করে জিনেদিন জিদান-ব্রিগেড। দীর্ঘ এক দশক পর ফের একবার শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে হেরে লড়াইয়ে নামছে রিয়াল। সামনে সেই জার্মান প্রতিপক্ষ। তবে এবার লড়াইটা আরও কঠিন। বুধবার অ্যালায়েঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবেন এমবাপে-ভিনিসিয়াসরা। অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জয়ের সুবাদে কিছুটা হলেও এগিয়ে ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল যে কোনও সময়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। আর তা ভালোই জানেন বায়ার্ন ফুটবলাররা। তাই ঘরের মাঠেও জয়ের জন্য ঝাঁপাতে তৈরি হ্যারি কেন, সের্গে নাব্রিরা। আর রিয়াল যে কোনও মূল্যে ঘুরে দাঁড়াতে মরিয়া। 

Advertisement

চলতি মরশুমে বেশ বিবর্ণ দেখাচ্ছে রিয়ালকে। খারাপ পারফরম্যান্সের জেরে মাঝপথেই ছাঁটাই হন জাবি আলোন্সো। তাঁর জায়গায় ‘বি’দলের দায়িত্বে থাকা আলভারো আর্বেলোয়াকে নিয়োগ করেন কর্তারা। তবে তাতে খুব একটা লাভ হয়নি। বরং দলের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ পড়েছে। ঘরের মাঠে বায়ার্নের বিরুদ্ধে বেশ সাদামাটা দেখায় রিয়ালকে। দু’গোলে পিছিয়ে পড়েও এমবাপে ব্যবধান কমান। অ্যাওয়ে ম্যাচে লড়াইয়ে নামার আগে সেটাই একমাত্র আশার আলো। অর্থাৎ, বুধবার রিয়াল নির্ধারিত সময়ে এক গোলে জিতলেই খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। তবে বায়ার্নকে তাদের দুর্গে হারানো সহজ নয়। রিয়াল কোচ অবশ্য আশাবাদী। আর্বেলোয়ার মন্তব্য, ‘আমাদের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। তাই শুরু থেকে ঝাঁপাতে হবে।’ উল্লেখ্য, মাঝমাঠে দখল নিতে জুড বেলিংহ্যামকে প্রথম একাদশে রাখতে চলেছেন রিয়াল কোচ।
এদিকে, ঘরের মাঠে লড়াইয়ে নামার আগে দলের মধ্যে কোনওরকম আত্মতুষ্টি কাজ না করে, সেদিকে নজর রাখছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। চলতি মরশুমে দারুণ ছন্দে জার্মান চ্যাম্পিয়নরা। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ১৫টি ম্যাচ অপরাজিত তারা। তাই বুধবার রিয়ালের বিরুদ্ধেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য হ্যারি কেনদের। শুরুতে আরও একবার গোল তুলে নিয়ে রিয়ালকে চাপে ফেলতে মরিয়া তাঁরা।
দিনের অপর কোয়ার্টার-ফাইনালে ঘরের মাঠে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে আর্সেনাল। প্রথম লেগে এক গোলে জয়ের সুবাদে শেষ চারের পথে এক পা বাড়িয়ে রেখেছে গানাররা। বুধবার এমিরেটসে জিতেই সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া মিকেল আর্তেতা ব্রিগেড।

Advertisement
সম্পর্কিত সংবাদ