মাদ্রিদ: প্রিমিয়ার লিগে একটা সময় ১১ পয়েন্টে পিছিয়ে থেকেও খেতাবি দৌড়ে প্রবলভাবে লড়াইয়ে ফেরে ম্যাঞ্চেস্টার সিটি। বর্তমানে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে আর্সেনাল। সেখানে লা লিগায় ভিন্ন চিত্র। লিগের শেষ ৫টি ম্যাচের মধ্যে ৩টিতে পয়েন্ট খুইয়ে নিজেদের হাতেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে লিগ খেতাব উপহার দিতে চলেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন কিলিয়ান এমবাপেরা। শুরুতে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় মাদ্রিদের ক্লাবটি। তবে সংযোজিত সময়ে গোল হজম করে জয় হাতছাড়া করে তারা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে গেতাফের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতে ১১ পয়েন্টের লিড নিল বার্সা। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন ফারমিন লোপেজ ও মার্কাস র্যাশফোর্ড। বর্তমানে ৩৩ ম্যাচে কাতালন ক্লাবটির সংগ্রহ ৮৫। আর রিয়ালের ঝুলিতে ৭৪ পয়েন্ট। অর্থাৎ বাকি ৫টি ম্যাচের মধ্যে দু’টি জিততেই শিরোপা নিশ্চিত করবে বার্সা।



