লখনউ: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রেখেছে তারা। আত্মবিশ্বাসে ভরপুর আরসিবি শুক্রবার মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টসের। একানা স্টেডিয়ামে ম্যাচ জিতে প্লে-অফে জায়গা পাকা করতে বদ্ধপরিকর বিরাট কোহলিরা। তবে মরণ-বাঁচন ম্যাচে লখনউও ছেড়ে কথা বলবে না।
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা লখনউ পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে বাকি তিন ম্যাচেই জিততে হবে ঋষভ পন্থদের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্যাপ্টেনের অফ ফর্ম চিন্তায় রাখছে লখনউ ম্যানেজমেন্টকে। ১১ ম্যাচে ঋষভের ব্যাট থেকে এসেছে ১২.৮০ গড়ে মাত্র ১২৮ রান। একাধিকবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করেও লাভ হয়নি। তবে টপ অর্ডারে মিচেল মার্শ, আইডেন মার্করাম, নিকোলাস পুরানরা ব্যাটিংয়ে ভরসা জোগাচ্ছেন। মিডল অর্ডারে আয়ূষ বাদোনি, সামাদরাও রানের মধ্যে আছেন। আর বোলিংয়ে পেস বিভাগে আভেশ খান, মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদবরা রয়েছেন। তবে চোট সারিয়ে ফেরা মায়াঙ্ক চেনা ছন্দে নেই।
অন্যদিকে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই ছন্দে রয়েছে বেঙ্গালুরু। ব্যাটিংয়ের মূল স্তম্ভ অবশ্যই বিরাট কোহলি।১১ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫০৫ রান। তাতে শামিল সাতটি অর্ধশতরানও। তাই শুক্রবার বিরাট কোহলিকে রোখাই বড় চ্যালেঞ্জ লখনউয়ের। এছাড়া রজত পাতিদার, টিম ডেভিডরা রানের মধ্যে আছেন। শেষদিকে ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম রোমারিও শেফার্ডও। তবে চোটের কারণে ফর্মে থাকা দেবদূত পাদিক্কালের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। বোলিংয়ে যশ হ্যাজলউড দুর্দান্ত ছন্দে আছেন। ভুবনেশ্বর কুমারও নিয়মিত উইকেট পাচ্ছেন। আর স্পিন বিভাগে ভরসা জোগাচ্ছেন ক্রুণাল পান্ডিয়া ও সুয়াশ শর্মা। সব মিলিয়ে ফেভারিট হিসেবেই এই ম্যাচে নামবে আরসিবি।