Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে গিলের গুজরাতকে আজ হারাতে মরিয়া আরসিবি

চলতি আইপিএলে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে জয় এসেছে তিনটিতে। আরও একটি ম্যাচ বাকি।

ঘরের মাঠে গিলের গুজরাতকে আজ হারাতে মরিয়া আরসিবি
  • ২৪ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

বেঙ্গালুরু: চলতি আইপিএলে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে জয় এসেছে তিনটিতে। আরও একটি ম্যাচ বাকি। শুক্রবার আরসিবি’র সামনে গুজরাত টাইটান্স। এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে দুই তারকা কোহলি ও গিল।

Advertisement

গতবার আইপিএল জিতেছিল বেঙ্গালুরু। রজত পাতিদারদের সামনে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত তারা ছ’টি খেলে জিতেছে চারটিতে। ৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা তৃতীয় স্থানে। নেট রান রেটও বেশ ভালো (১.১৭১)। গুজরাতকে হারাতে পারলে আরসিবি আরও উপরের দিকে উঠে আসবে। বেঙ্গালুরুর ব্যাটিংয়ে বড় ভরসা কোহলি। ফর্মে আছেন ভিকে। ফিল সল্টের সঙ্গে ওপেনার হিসেবে তিনি বড় পার্টনারশিপ গড়ে দিলে পরের দিকে রজত পাতিদার, দেবদূত পাদিক্কালরা চালিয়ে খেলবেন। টিম ডেভিডের মতো মারকুটে ব্যাটার কঠিন পরীক্ষায় ফেলবে গুজরাতের বোলারদের। লোয়ার মিডল অর্ডারে জিতেশ শর্মা ও রোমারিও শেফার্ডও ভরসা জোগাচ্ছেন দলকে। বোলিংয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল স্পষ্ট। ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলউডের মতো তারকা পেসার নতুন বলে উইকেট নিতে পারেন। এছাড়া সুয়াশ শর্মা ও ত্রুণাল পান্ডিয়ার মতো স্পিনারও আছেন, যাঁরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
অন্যদিকে, গুজরাত টাইটান্স গত ম্যাচ হেরে বেশ চাপে। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে ১০০ রানে অল-আউট হওয়ায় ব্যাটিংয়ের অনেক ফাঁকফোকর সামনে এসেছে। আসলে গুজরাতের ব্যাটিংয়ে বড় ভরসা সাই সুদর্শন ও শুভমান গিল। শুরুতে তাঁরা বড় পার্টনারশিপ গড়ে দিলে সহজেই রান তুলতে পারবেন পরের দিকের ব্যাটাররা। জস বাটলারের ব্যাটে ধারাবাহিকতার বড় অভাব। আবার ওয়াশিংটন সুন্দরকে দিয়ে কাজ চালানোর চেষ্টা কখনও কখনও হচ্ছে বুমেরাং। তবে গ্লেন ফিলিপস, রাহুল তেওয়াটিয়ারা আছেন, যাঁরা ঝোড়ো ব্যাটিংয়ে বদলে দিতে পারেন ম্যাচের অভিমুখ। 
গুজরাতের বোলিং বেশ শক্তিশালী। মহম্মদ সিরাজ ও কাগিসো রাবাডার মতো অভিজ্ঞ পেসার দলের বড় সম্পদ। সেই সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা মিডল ওভারে উইকেট নিচ্ছেন। স্পিন আক্রমণে রশিদ খানের সঙ্গী ওয়াশিংটন সুন্দর। বল টার্ন করলে তাঁদের খেলা কঠিন হবে কোহলিদের পক্ষে।

সম্পর্কিত সংবাদ