Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্তাদের ডাক আরবিআই গভর্নরের, কাঁথি সমবায় এবার পূর্ণ ব্যাঙ্ক?

এবার কি পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাচ্ছে কাঁথি সমবায়? রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নরের ডাকে আজ, বুধবার মুম্বইতে নির্ধারিত হবে কাঁথি সমবায় ব্যাঙ্কের ভবিষ্যৎ।

কর্তাদের ডাক আরবিআই গভর্নরের, কাঁথি সমবায় এবার পূর্ণ ব্যাঙ্ক?
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০

প্রীতেশ বসু, কলকাতা: এবার কি পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাচ্ছে কাঁথি সমবায়? রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নরের ডাকে আজ, বুধবার মুম্বইতে নির্ধারিত হবে কাঁথি সমবায় ব্যাঙ্কের ভবিষ্যৎ। ইতিমধ্যেই আরবিআই গভর্নরের ডাকে ব্যাঙ্কের চেয়ারম্যান তরুণ মাইতি এবং সিইও অ্যাপোলো আলি মুম্বই রওনা দিয়েছেন। আজ তাঁরা গভর্নরের সঙ্গে বৈঠক করবেন। ‘শিডিউলড’ বা পূর্ণমাত্রার ব্যাঙ্ক হিসেবে পথ চলা শুরু করার জন্য আরবিআইয়ের শর্ত—আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে (ইউসিবি) কমপক্ষে হাজার কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করতে হয়। এছাড়াও আরবিআই নির্ধারিত ‘টিয়ার থ্রি বা ফোরে’র মধ্যে থাকতে হবে সংশ্লিষ্ট ইউসিবিকে। সেই নিয়মানুযায়ী ইতিমধ্যেই টিয়ার থ্রি’র অন্তর্ভুক্ত হয়েছে কাঁথি সমবায় ব্যাঙ্ক। ‘এ’ অডিট ক্লাসের শিরোপাও মিলেছে। সুনিশ্চিত করেছে ১৩৫০ কোটি টাকার ডিপোজিট। সঙ্গে পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ ইউসিবি হিসেবে প্রতিষ্ঠিতও হয়েছে কন্টাই সমবায় ব্যাঙ্ক। আরবিআইয়ের গাইডলাইন মেনে  ক্ষুদ্র পরিসরে দুই মেদিনীপুর, হুগলি, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ১৬টি শাখা, এটিএম, অনলাইন ব্যাঙ্কিং, ফোন ব্যাঙ্কিং সহ ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবামূলক কাজকর্মও শুরু করেছে তারা। আরবিআইয়ের এই সমস্ত শর্ত পূরণ হওয়ার কারণেই ৭৮ বছরের কাঁথি সমবায় ব্যাঙ্কের ‘উজ্জ্বল’ ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, এ রাজ্যের একসময়ের জনপ্রিয় ‘বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ পূর্ণাঙ্গ ব্যাঙ্ক হিসেবে পথচলা শুরুর পর্বে ১৫০০ কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করেছিল। 

Advertisement

দীর্ঘদিন ধরে কার্যত পরিবারতান্ত্রিক পরিচালন ব্যবস্থা চালু ছিল এই সমবায় ব্যাঙ্কে। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ডিসেম্বরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সেখানে। নির্বাচনে ১০৮টি আসনের মধ্যে ১০১টিতে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতিকে চেয়ারম্যান করে গঠিত হয়েছে নতুন বোর্ড। তারা পথচলা শুরু করার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এসে পৌঁছেছে আরবিআইয়ের চিঠি। রাজ্য থেকে একমাত্র এই সমবায় ব্যাঙ্কের কর্তৃপক্ষকেই আরবিআই গভর্নরের ডাকা একটি বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আরবিআইয়ের তরফে বৈঠকের কোনও এজেন্ডা বা বিষয় জানানো হয়নি। তারপর থেকেই এই ইউসিবির ‘শিডিউলড স্টেটাস’ বা পূর্ণ ব্যাঙ্কের তকমা পাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
বুধবারের গুরুত্বপূর্ণ এই বৈঠকে যোগ দিতে এদিন বিকেলেই মুম্বই উড়ে গিয়েছেন তরুণবাবু ও অ্যাপোলো আলি। বুধবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে এই বৈঠক। তারপর পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ ইউসিবি কর্তাদের মধ্যাহ্নভোজনে যোগ দিতেও অনুরোধ জানানো হয়েছে আরবিআইয়ের তরফে। মুম্বই উড়ে যাওয়ার আগে তরুণবাবু জানান, ‘এর আগে আরবিআইয়ের কলকাতার জেনারেল ম্যানেজারের নেতৃত্বাধীন একটি দল ব্যাঙ্ক পর্যবেক্ষণে গিয়েছিলেন। তাঁদের রিপোর্টে ব্যাঙ্কের কার্যকলাপ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। এবার একেবারে আরবিআই গভর্নরের বৈঠকে ডাক পেয়ে ভালো কিছু হতে চলেছে বলেই আমরা আশাবাদী।’

সম্পর্কিত সংবাদ