নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৮ অক্টোবর, রবিবার (মহাসপ্তমী) রাজ্যে রেশন দোকান খোলা রাখার জন্য নির্দেশ জারি করেছে খাদ্যদপ্তর। রবিবার রেশন দোকান শুধু সকালের অর্ধে খোলা থাকে। কিন্তু ১৮ তারিখ সকাল ও বিকাল, দুই অর্ধেই খোলা রাখতে হবে রেশন দোকান। পুজোর মধ্যে রেশন গ্রাহকদের যাতে সাধারণ বরাদ্দের পাশাপাশি পুজো প্যাকেজের বিশেষ খাদ্যসামগ্রী পেতে সুবিধা হয়, তার জন্য এই সিদ্ধান্ত। পুজো-উৎসবের মাস অক্টোবরে সব মিলিয়ে ১২ দিন রেশন দোকান বন্ধ থাকার কথা ছিল। সেটা কমে ১১ দিন হল। এদিকে, রেশনে পুজো প্যাকেজে যে সুজি দেওয়া হবে, তার কেজি প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ টাকা। পরিবার পিছু ৫০০ গ্রাম করে সুজি দেওয়া হবে। ২ কোটি পরিবারের জন্য ১০ হাজার ১০৯ টন সুজি টেন্ডার ডেকে কিনছে খাদ্যদপ্তর। মোট খরচের ৫০ শতাংশ সরকার ভরতুকি দেবে। প্যাকেজে ১ কেজি করে ময়দা ও চিনি থাকবে, যার দাম যথাক্রমে ১৯ ও ৩০ টাকা। ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বরের মধ্যে পুজো প্যাকেজের খাদ্য যাতে ঠিকমতো দেওয়া হয়, সে ব্যাপারে বিশেষ নজর রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পুজো প্যাকেজও দেওয়া হবে ই-পস যন্ত্রের মাধ্যমে গ্রাহকের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করে।



