Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দকুমারে এমআর ডিলারের গোডাউনে রেশন সামগ্রী, পুলিস ও খাদ্যদপ্তরের অভিযান, অভিযুক্ত ডিলারকে শোকজ

নন্দকুমার বাজারের প্রভাবশালী রেশন ডিলার গৌরহরি সাউট্যাকে শোকজ করল খাদ্যদপ্তর। সম্প্রতি তাঁর দোকান ও গোডাউনে খাদ্যদপ্তর ও পুলিস অভিযান চালায়।

নন্দকুমারে এমআর ডিলারের গোডাউনে রেশন সামগ্রী, পুলিস ও খাদ্যদপ্তরের অভিযান, অভিযুক্ত ডিলারকে শোকজ
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: নন্দকুমার বাজারের প্রভাবশালী রেশন ডিলার গৌরহরি সাউট্যাকে শোকজ করল খাদ্যদপ্তর। সম্প্রতি তাঁর দোকান ও গোডাউনে খাদ্যদপ্তর ও পুলিস অভিযান চালায়। এমআর শপে অভিযান চালানোর সময় বেশকিছু অনিয়ম সামনে আসে। সেই ঘটনায় ওই রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। খাদ্য ও সরবরাহ দপ্তরের তমলুক মহকুমার নিয়ামক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য বলেন, ওই রেশন ডিলারকে শোকজ করা হয়েছে। তাঁর দোকানে ভিজিটের সময় কিছু অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। সেই জন্যই শোকজ করা হয়েছে।

Advertisement

গৌরহরিবাবু নন্দকুমার বাজারের প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত। রেশন দোকান ছাড়াও তাঁর আরও নানা ব্যবসা আছে। নন্দকুমার বাজারে তাঁর রেশন দোকান রয়েছে। প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক। বাজার থেকে কিছুটা দূরে ধিতাইবসান এলাকায় তাঁর ব্যক্তিগত গোডাউন রয়েছে। তার একটি অংশ আবগারি দপ্তরকে ভাড়া দেওয়া আছে। অভিযোগ, সেই গোডাউনে রেশনের চাল, আটা প্যাকেট বদল হয়ে খোলা বাজারে বিক্রি হয়। চারজন মহিলা খাদ্যদপ্তরের প্যাকেট কেটে সেইসব খাদ্যসামগ্রী অন্য বস্তায় ভর্তি করছিলেন। ঘুরপথে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি হচ্ছে, ওই অভিযোগ পাওয়ার পরই গত বৃহস্পতিবার খাদ্যদপ্তর এবং পুলিস যৌথ অভিযান চালায়। অভিযুক্ত ডিলারের দোকান ও গোডাউনে পুলিস ও খাদ্যদপ্তরের যৌথ অভিযান চলে। স্থানীয় বাসিন্দারা বলেন, গোডাউনে বিভিন্ন জায়গা থেকে রেশন সামগ্রী এনে প্যাকেট বদল করা হতো। এলাকার প্রত্যেকেই এই কারবার সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু, তিনি প্রভাবশালী হওয়ায় লোকজন এনিয়ে প্রতিবাদ করেননি। যদিও রেশন ডিলার গৌরহরিবাবু ওই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, ওই গোডাউন আমি ভাড়ায় দিয়েছি। ভাড়া নেওয়া ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে রেশনের আটা, চাল প্রভৃতি কিনে জড়ো করত। সেখানে রেশনের ১৫-১৬ বস্তা সামগ্রী ছিল। খাদ্যদপ্তর ও পুলিস আমার রেশন দোকান এবং গোডাউনে তদন্ত করেছে। আমার রেশন দোকানে খাদ্যসামগ্রীর কোনও ঘাটতি নেই। তবে, কিছু নিয়ম মানা হয়নি। তাই শোকজ করেছে। 
নন্দকুমারের বিধায়ক সুকুমার দে বলেন, রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করা বেআইনি। তাই ওই গোডাউনে যেভাবে রেশন সামগ্রী প্যাকেট বদলের অভিযোগ সামনে এসেছে তা উদ্বেগের। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া উচিত।

সম্পর্কিত সংবাদ