Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত-বারাকপুর ও হাসনাবাদে রথযাত্রা উদযাপন, হল খুঁটিপুজো

বারাসত ও বারাকপুরে রথযাত্রা উদযাপন চলছে, হাজারো ভক্তের সমাগম। রাজ্য সরকার ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। বিস্তারিত পড়ুন।

বারাসত-বারাকপুর ও হাসনাবাদে  রথযাত্রা উদযাপন, হল খুঁটিপুজো
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত, বারাকপুর ও সংবাদদাতা, বসিরহাট: রথের রশিতে টান পড়তেই বৃহস্পতিবার উৎসবে মাতল মানুষ। উত্তর ২৪ পরগনাজুড়ে জয় জগন্নাথ ধ্বনিতে মুখর আকাশ বাতাস। বারাসত শহরে ইসকনের রথযাত্রার দিকে নজর ছিল সবার। বারাকপুরে ৩০০ বছর প্রাচীন আতপুর রাজবাড়ির রথ নিয়েও ছিল উন্মাদনা। এর পাশাপাশি হাসনাবাদের রামেশ্বরপুরের জমিদার বাড়ির রথযাত্রায় ভক্তদের ঢল। এই জেলার পাশে কলকাতাতেও দেখা গিয়েছে উন্মাদনা। শ্রী জগন্নাথ সেবা সমিতির খিদিরপুর মন্দিরের রথযাত্রায় অংশ নেন বহু ভক্ত।

Advertisement

বারাসতে একাধিক দুর্গাপুজো ও কালীপুজোর খুঁটিপুজো হয় এদিন। উপস্থিত ছিলেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায়, বিজেপির যুব সভাপতি শুভঙ্কর সেন, শিক্ষক দীপ্ত লস্কর প্রমুখ। এর পাশাপাশি হাবড়ার ঐতিহ্যবাহী রথতলায় উৎসবে অংশ নিতে রাজপথের ধারে ভিড় হাজার হাজার মানুষের। বামনগাছিতে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে ৪০ ফুট উচ্চতার রাম টাওয়ার দেখতেও ছিল ভিড়। পাশাপাশি দেগঙ্গা, মধ্যমগ্রাম, অশোকনগর সহ জেলার বিভিন্ন প্রান্তে ধুমধাম করে পালিত হয় রথযাত্রা।
অন্যদিকে হাসনাবাদের রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ির রীতি অনুযায়ী রথযাত্রার দিন শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পুজোর পাশাপাশি অনুষ্ঠিত হয় দুর্গার কাঠামো পুজো। একসময় এপার ও ওপার বাংলার ঐতিহ্যবাহী জমিদার বাড়ির দুর্গাপুজো হিসাবে রামেশ্বরপুর ঘোষ বাড়ির খ্যাতি ছিল। এখনও প্রতিবছর রথযাত্রায় বহু ভক্ত ও সংস্কৃতিপ্রেমীর সমাগম হয় এখানে।
একইসঙ্গে এই জেলার বারাকপুরে রথযাত্রা পালন হয়েছে ধুমধাম করে। আতপুর রাজবাড়ির রথ ছাড়াও সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ১৬৮ বছরের রথ ঘিরেও ছিল উন্মাদনা। তারা যে ৫ লক্ষ টাকা পেয়েছে তা দিয়ে পরিকাঠামো তৈরি হবে বলে জানিয়েছে। রথের সময় ন’দিনের মেলা হয় নৈহাটির কাঁঠালপাড়ায়।  এদিন আতপুর রাজবাড়ির রথ টেনে যাত্রা শুরু করেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। জগন্নাথ পুজো করেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। রাজ্য সরকার এবার প্রথম রথযাত্রা কমিটিকে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে। এর পাশাপাশি ইছাপুরে নবাবগঞ্জ এবং মোহনপুর সহ বারাকপুরের বিভিন্ন জায়গায় রথযাত্রা অনুষ্ঠান হয়। বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর খুঁটিপুজোও হয়েছে। বহু জায়গায় বসেছে রথের মেলা। গাছ বিক্রি চলছে। চলছে পাঁপড় বিক্রি। কাঁকিনাড়া সহ বিভিন্ন জায়গায় মেলায় প্রচুর ভিড় জমছে। বিকেলের পর থেকে রথযাত্রা শুরু হওয়ায় বি টি রোড এবং ঘোষপাড়া রোডে যানজট তৈরি হয়। বারাকপুর পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ