বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা। সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী লিন লইশরাম। হাসপাতাল সূত্রে খবর, মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। সমাজমাধ্যমে সুখবর শেয়ার করেছেন রণদীপ নিজেই। ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, ‘আজ আমার জীবনের অন্যতম আনন্দের দিন। বাবা হলাম।’ স্ত্রী লিনকে ধন্যবাদ জানিয়েছেন রণদীপ। লিখেছেন, ‘আমাদের ছোট্ট সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।’ হুডা পরিবারের জন্য ১০ মার্চ দিনটি অত্যন্ত স্পেশাল। কারণ এদিনই রণদীপের বাবা অর্থাৎ রণবীর হুডার জন্মদিন। ফলে সেলিব্রেশন দ্বিগুণ হল। সমাজমাধ্যমে রণদীপ লিখেছেন, ‘দাদু আর নাতনির জন্মদিন একই দিনে। আমাদের জন্য দিনটি আরও বিশেষ হয়ে উঠল।’ ২০২৩ সালের নভেম্বরে মণিপুরী মডেল তথা অভিনেত্রী লিন লইশরামের সঙ্গে বিয়ে করেন রণদীপ। তাঁদের পরিবারে নতুন সদস্য আসায় শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই।



