নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। ‘মেইন ইন ব্লু’র কাছে ফের ইতিহাস গড়ার হাতছানি। রবিবার দুবাইয়ে আয়োজিত সেই হাইভোল্টেজ ম্যাচ জায়ান্ট স্ক্রিনে শহরবাসীকে দেখাবে রানাঘাট পুরসভা। শহরের দু’টি জায়গায় সরাসরি দেখানো হবে ফাইনাল খেলাটি। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুর-চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। যদিও ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের কারণে প্রতিবেশী দেশে খেলতে যেতে চায়নি ভারত। বাধ্য হয়েই ক্রিকেট নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির তরফে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত খেলা পাকিস্তানে হলেও ভারতের খেলাগুলির আয়োজন করা হয় দুবাইতে। যেহেতু ভারত ফাইনালে, তাই আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে মধ্য প্রাচ্যের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই খেলায় ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
রবিবার সেই ফাইনাল ঘিরে ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। ২০১৩ সালের পর ফের আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতলে তৃতীয়বারের জন্য আন্তর্জাতিক ট্রফিটি আসবে ঘরে। তাই বিগত বেশ কয়েকদিন যাবত হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ রানাঘাট স্টেশন সংলগ্ন জিএনপিসি রোড এবং সুভাষ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে থাকা এবং চাবি গেটের কাছের পুরসভার বিজ্ঞাপন ও প্রচারের জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের দাবি উঠতে থাকে। সমাজ মাধ্যমে শহরবাসীর সেই দাবি নজরে আসে পুর কর্তৃপক্ষেরও। একাধিক আবেদন পর্যালোচনা করে অবশেষে চাবি গেট ও জিএনপিসি রোডে দৈত্যাকার টিভি বসিয়ে সরাসরি ফাইনাল ম্যাচ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটা থেকে ম্যাচ দেখানো হবে। যান নিয়ন্ত্রণে পথে নামানো হবে পুরসভার ট্রাফিক কর্মীদের। শুধু তাই নয়, ভিড়ের আশঙ্কা থেকেই নো এন্ট্রি করে দেওয়া হতে পারে সুভাষ এভিনিউর রাস্তাটি। বিকল্প রাস্তা খুলে দেওয়া হবে গাড়ি যাতায়াতের জন্য।
চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বড় টিভিগুলিতে ফাইনাল ম্যাচ সরাসরি দেখানোর জন্য আমরা প্রচুর আবেদন পেয়েছি শহরবাসীর থেকে। পুরসভা শহরবাসীর জন্যই সবসময় কাজ করে। তাই তাদের সেই দাবি মেনে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখানো হবে। যানবাহন নিয়ন্ত্রণে আমরা পর্যাপ্ত কর্মী মোতায়ন করব। সুষ্ঠুভাবে যাতে প্রত্যেকেই খেলা দেখতে পারেন, তার জন্য নো এন্ট্রি করা হবে।’