Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অল্প বৃষ্টিতেই জলমগ্ন রামরাজাতলা থেকে আন্দুল, ডাসিতে বাড়িতে জল

হাওড়ায় অল্প বৃষ্টিতে রামরাজাতলা ও আন্দুলে জল জমে গেছে। নিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনার জন্য এলাকাবাসীরা ক্ষুব্ধ। বিস্তারিত পড়ুন।

অল্প বৃষ্টিতেই জলমগ্ন রামরাজাতলা থেকে আন্দুল, ডাসিতে বাড়িতে জল
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বর্ষা এখনও আসেনি। কিন্তু শনিবারের কিছুক্ষণের বৃষ্টিতেই হাওড়া শহর ও সংলগ্ন এলাকার একাধিক জায়গায় সামনে এল নিকাশি ব্যবস্থার বেহাল চিত্র। রামরাজাতলা স্টেশন রোড, আন্দুল রোডের চুনাভাটি এলাকা থেকে শুরু করে ডোমজুড়ের ডাসি, সর্বত্রই জমা জলে ভোগান্তির শিকার হলেন এলাকাবাসীরা। জমা জলের মধ্যে বিদ্যুতের খোলা তার থাকায় উদ্বেগ আরও বেড়েছে। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার ও নিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়াতে প্রতি বছর একই সমস্যার মুখে পড়তে হচ্ছে।

Advertisement

শনিবার সকাল থেকেই রামরাজাতলা স্টেশন রোডের একাধিক অংশে জল জমে যায়। জমা জলের মধ্য দিয়েই অটো, বাইক, সাইকেল ও পথচারীদের যাতায়াত করতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি দীর্ঘক্ষণ যানজটও দেখা দেয়। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রতন শিকদার, রাজা সামন্ত এবং অনিক চক্রবর্তীদের অভিযোগ, ভোটের আগে নানা প্রতিশ্রুতি মিলেছিল। তবে ভোটের পর ড্রেন সংস্কার বা পরিষ্কারের কাজ নিয়ে কাউকেই উদ্যোগ নিতে দেখা যায় না। তাঁদের কথায়, গরমের সময় নিকাশি নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলে অল্প বৃষ্টিতেই এমন পরিস্থিতি তৈরি হতো না। 
একই ছবি দেখা যায় আন্দুল রোডের চুনাভাটি এলাকায়। স্থানীয়দের দাবি, নিকাশি নালা বুজে যাওয়ায় বৃষ্টির জল দ্রুত নামতে পারেনি। ফলে রাস্তার উপর জল জমে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় থাকা বড় গর্তগুলি জলের তলায় ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ে। অন্যদিকে, ডোমজুড়ের সলপ-১ পঞ্চায়েতের ডাসি এলাকায় অল্প বৃষ্টিতেই বহু বাড়িতে জল ঢুকে পড়ে। বাসিন্দাদের অভিযোগ, নিকাশি নালা দখল ও বুজিয়ে কারখানা গড়ে ওঠার জেরেই এই পরিস্থিতি। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে শুক্রবার এলাকাবাসীরা বিক্ষোভও দেখান। প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ