রামপুরহাটের পশ্চিম নিশ্চিন্তপুর সর্বজনীন, মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মণ্ডপ, সাবেকি প্রতিমা
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাটের পশ্চিম নিশ্চিন্তপুর সর্বজনীনের দুর্গাপুজো এবার ৪১তম বর্ষে পা দিল। ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় এই পুজোয় এবার মণ্ডপসজ্জায় বিশেষ চমক দেওয়া হচ্ছে। মায়াপুরের বিখ্যাত ইসকন মন্দিরের আধলে প্রায় ৫০ফুট উঁচু সুদৃশ্য মণ্ডপ গড়ে উঠছে। স্থানীয় বাণী ডেকোরেটর্স-এর কারিগররাই দিনরাত এক করে মণ্ডপ তৈরি করছেন।

Advertisement

মণ্ডপের সঙ্গে মানানসই সাবেকি প্রতিমা গড়ছেন বিশিষ্ট প্রতিমাশিল্পী লক্ষ্মীনারায়ণ দাস। সেইসঙ্গে থাকছে হীনু সাহার চোখধাঁধানো আলোকসজ্জা। পুজো কমিটি জানিয়েছে, পঞ্চমীর সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন হবে।
১৯৮৫ সালের কথা। সেসময় রামপুরহাট শহরের শেষ সীমানা বলে পরিচিত পশ্চিম নিশ্চিন্তপুরে কোনও সর্বজনীন দুর্গাপুজো হত না। সেই ঘাটতি মেটাতে এলাকারই কিছু উৎসাহী তরুণ এগিয়ে এসেছিলেন। দুমকা রোডের ধারে এক চিলতে জমিতে তাঁরা প্রথম দুর্গাপুজো শুরু করেন। সেই পুজোকে কেন্দ্র করেই জন্ম নেয় ‘ফাইভ স্টার ক্লাব’। দেখতে দেখতে চার দশক পার হয়ে গিয়েছে। দুর্গাপুজোর পাশাপাশি সারাবছর নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে এই ক্লাব রামপুরহাট শহরের মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে।
উৎসবের ক’দিন রামপুরহাটবাসী ও দর্শনার্থীদের জন্য জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত নামী শিল্পীদের নিয়েও অনুষ্ঠান হবে। এই পুজোর বিশেষ আকর্ষণ অন্নভোগ বিতরণ। পুজো কমিটির উদ্যোগে প্রায় পাঁচহাজার মানুষকে অন্নভোগ দেওয়া হবে। একাদশীর দিন ঢাকের তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করে দেবীপ্রতিমা নিরঞ্জন হবে।
কমিটির সভাপতি প্রকাশ বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অসীম মণ্ডল ও অন্যতম উদ্যোক্তা সূর্যকান্ত মণ্ডল বলেন, এলাকার মানুষের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। এবছর ইসকন মন্দিরের আদলে মণ্ডপ ও অন্য আয়োজন দর্শনার্থীদের মন জয় করবে বলেই আমাদের বিশ্বাস।