নিজস্ব প্রতিনিধি, বরানগর: খানাখন্দে ভর্তি রাস্তা। বড় বড় গর্তে বর্ষার জল জমে চৌবাচ্চার রূপ নিয়েছে। রাস্তার নিকাশি ব্যবস্থাও ভেঙে পড়েছে। নোংরা জল ঢুকছে আশপাশের বাড়িতে। আগরপাড়ার রামকৃষ্ণ রোডের এমন বেহাল অবস্থায় তিতিবিরক্ত এলাকাবাসীরা। রবিবার সকালে তাঁরা রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে অবরোধে শুরু করেন। উষুমপুর তিন নম্বর পল্লি এলাকায় এই বিক্ষোভের জেরে সাময়িক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পানিহাটি পুরসভার নাগরিক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। তার মধ্যে আগরপাড়া এলাকার হাল সব থেকে ভয়ঙ্কর। নোংরা সাফাই হচ্ছে না। রাস্তায় জল জমে থাকছে। সামান্য বর্ষা হলেই বহু বাড়িতে জল উঠছে। এরসঙ্গে যোগ হয়েছে বেহাল রাস্তার সমস্যা। আগরপাড়া এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রামকৃষ্ণ পরমহংস রোড। এই রাস্তা দিয়ে কামারহাটি পুরসভার নন্দননগর ও উত্তর দমদমের নিমতায় যাওয়া যায়। রোজ কয়েক হাজার টোটো, অটো চলাচল করে। এলাকাবাসীর অভিযোগ, গত ১৫ বছরে রাস্তার স্থায়ী সংস্কার হয়নি। ফি বছর পুজোর আগে রাস্তায় খোয়া ফেলে সংস্কার করা হয়। বর্তমানে রাস্তা পুরো ভেঙে গিয়েছে। চলাচলে নাভিশ্বাস উঠছে। এদিন ৩ নম্বর উষুমপুর পল্লি এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ক্ষুব্ধ এলাকাবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন। স্থানীয় বাসিন্দা রঞ্জন বল বলেন, ২৬ নম্বর ওয়ার্ডে রাস্তার অবস্থা সব থেকে খারাপ। শিশুরা স্কুলে যেতে পারছে না। অ্যাম্বুলেন্স ঢুকতে চাইছে না। রাস্তায় পড়ে হাত- পা ভাঙছে। ভয়াবহ পরিস্থিতি। বাধ্য হয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এদিকে পুরসভার তরফে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নিজস্ব চিত্র