নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বকাপে বিশ্বযুদ্ধ। তার মাঝেই মিগুয়েলের দলবদল ঘিরে তোলপাড় ময়দান। মাসখানেক আগেই লাল-হলুদ সমর্থকদের কোলে চেপে কিশোর ভারতী ছেড়েছিলেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। সেই মিগুয়েলই এবার নৌকা বাঁধলেন গঙ্গাপাড়ের ক্লাবে। তাঁর মোহন বাগানে সই করা স্রেফ সময়ের অপেক্ষা। মেডিক্যাল টেস্ট হয়ে গেলেই ব্রাজিলিয়ান মিডিওর নাম সরকারিভাবে ঘোষণা করতে পারে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। পদ্মাপারের বসুন্ধরা কিংস থেকে বার্ষিক আড়াই কোটি টাকায় ইস্ট বেঙ্গলে এসেছিলেন মিগুয়েল। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি ছিল দলের। ইস্ট বেঙ্গলের আইএসএল জয়ের অন্যতম নায়ক তিনি। মরশুম শেষ হতেই মিগুয়েলকে পেতে ঝাঁপায় মোহন বাগান। এই পর্বে ইস্ট বেঙ্গলের থেকে প্রায় ডাবল দর হাঁকান ব্রাজিলিয়ান ফুটলার। টাকার অংকে অনেকটাই পিছিয়ে লাল-হলুদ ব্রিগেড। বুধবার নিজের ইনস্টাগ্রামে ইস্ট বেঙ্গল ছাড়ার কথা নিজেই ঘোষণা করেন মিগুয়েল। গত মরশুমে প্লে-মেকারের অভাবে বারবার ভুগতে হয়েছে মোহন বাগানকে। আগামী মরশুমে মিগুয়েল, ম্যাকলারেন কম্বিনেশন ঝড় তুলতেই পারে।



