আমেদাবাদ: শিকড়ের টান ভুলতে পারেননি। তাই প্রতি বছর নিয়ম করে সুদূর লন্ডন থেকে গুজরাতে সস্ত্রীক বেড়াতে আসতেন ব্রিটেনের নাগরিক রমেশচাঁদ প্যাটেল। থাকতেন প্রায় ছয় সপ্তাহ। তবে এ বছর প্ল্যান একটু বদলেছিল। গ্রীষ্মের প্রচণ্ড গরমে স্ত্রী আর সঙ্গে আসেননি। ছেলেমেয়েরা এবার রমেশের সফরে আপত্তি তুলেছিলেন। কিন্তু ছোটবেলার নস্টালজিয়া বার বার তাঁকে গুজরাতে টানছিল। তাই পরিবারের বাধা মানেননি তিনি। তবে মাত্র ৯ দিনের জন্য এসেছিলেন স্মৃতির টানে। মেয়ে প্রীতিকে মজা করে বলেছিলেন, ‘একবার ঘুরে আসি। বাতাবি লেবু খেতে হবে যে?’ কিন্তু তারপর আর ফেরা হল না। আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চিরতরে থমকে গেল রমেশের যাত্রা।



