মুক্তির আগেই বক্স অফিসে বাজিমাত ‘রামায়ণ’-এর! অগ্রিম বুকিংয়ে বিশ্বজুড়ে আয় কোটি কোটি টাকা
  • ২৬ অক্টোবর, ২০২৬ ১৩:৫২
Prefer us on Google

মুম্বই, ২৬ অক্টোবর: প্রেক্ষাগৃহে মুক্তি পেতে এখনো বাকি বেশ কিছুটা সময়। তার আগেই বক্স অফিসে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছে নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। শুরু হয়েছে অগ্রীম টিকিট বুকিং। আর সেই অগ্রীম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান বলছে, ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে যথেষ্ট উন্মাদনা। ভারতে অগ্রিম বুকিং থেকেই ১১ কোটি টাকার বেশি আয় করেছে এই ছবি। শুধু ভারত নয় অন্তর্জাতিক বাজারেও এই ছবির চাহিদা নজর কেড়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারত ও বিদেশ মিলিয়ে ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং থেকে মোট আয়ের পরিমাণ প্রায় ২০.৫০ কোটি টাকা।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ২.১৫ লক্ষ। এর থেকে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১.৮১ কোটি টাকা। মুক্তির আগেই এই আয় ছবির বাণিজ্যিক সফলতার সম্ভাবনা নিয়ে নতুন করে প্রত্যাশা বাড়িয়েছে। বিশেষ করে ছবির বিশাল বাজেট, অভিনেতাদের অভিনয় এবং ভারতীয় মহাকাব্যকে কেন্দ্র করে নির্মিত কাহিনি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ভাষাভিত্তিক বুকিংয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। মোট অগ্রিম বুকিংয়ের প্রায় ৮৬ শতাংশই এসেছে হিন্দি সংস্করণ থেকে। অন্যদিকে, কন্নড় সংস্করণ থেকে আয় হয়েছে প্রায় ১.২৭ কোটি টাকা, যা মোট বুকিংয়ের ১১ শতাংশের কাছাকাছি। তেলুগু সংস্করণের অগ্রিম বুকিং থেকে এসেছে প্রায় ৩৭.৮৫ লক্ষ টাকা। অর্থাৎ, প্রাথমিক পর্যায়ে ছবিটির সিংহভাগ চাহিদা তৈরি হয়েছে হিন্দিভাষী দর্শকদের মধ্যেই।

ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত, অরুণ গোভিল এবং রাকুল প্রীত সিং। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর। ছবির দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালে। মুক্তির আগে অগ্রিম বুকিংয়ের এই গতি শেষ পর্যন্ত প্রথম দিনের আয়কে কোথায় নিয়ে যায়, এখন সেদিকেই নজর চলচ্চিত্র মহলের।