নয়াদিল্লি: রামমন্দিরে অনুদান চুরির ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। ঘটনার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগামী সোমবার শীর্ষ আদালতে রামমন্দিরে চুরির অভিযোগ সংক্রান্ত তিনটি মামলার শুনানি হবে। নিরপেক্ষ তদন্ত ও সময়ের মধ্যে তদন্ত শেষের দাবিতে দায়ের হওয়া মামলাগুলি তালিকাভুক্ত রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে। সুপ্রিম কোর্টে আবেদনকারীদের অন্যতম নরেন্দ্র কুমার গোস্বামী রামমন্দিরকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আর্থিক লেনদেনের উপর ক্যাগ অডিটের আবেদনও জানানো হয়েছে। একই ধরনের দাবি জানিয়ে পৃথক আবেদন করেছেন অজয় কুমার রাই ও দীনেশ কুমার যাদব। আরজেডি সাংসদ সুধাকর সিংহ আবার সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের পাশাপাশি ট্রাস্টের সমস্ত আর্থিক লেনদেনের ফরেন্সিক অডিটের নির্দেশ চেয়েছেন।



