মুল্লানপুর: বৈভব সূর্যবংশী বনাম অভিষেক শর্মা। বুধবার আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদের দ্বৈরথে নজরে দুই বাঁ-হাতি ওপেনার। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত উভয়েই। তার উপর চলতি আসরে অরেঞ্জ ক্যাপের দৌড়েও দু’জনে। ১৫ বছরের বিস্ময় কিশোর এখনও পর্যন্ত করেছে ৫৮৩ রান। স্ট্রাইকরেট ২৩২.২৭। এই ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করতে চাওয়ার কথা বলেছে প্রকাশ্যে। পিছিয়ে নেই অভিষেকও। সানরাইজার্সের হয়ে তাঁর ব্যাটে ২০৬.২২ স্ট্রাইকরেটে এসেছে ৫৬৩ রান। বড়ো রানের জন্য সেজন্যই দু’জনের উপর তাকিয়ে উভয় দল।
ক্যাপ্টেন প্যাট কামিংস, এশান মালিঙ্গা ও সাকিব হুসেনকে নিয়ে গড়া সানরাইজার্স পেস আক্রমণকে অবশ্য চাপে ফেলতে পারেন যশস্বী জয়সওয়ালও। বৈভবের সঙ্গে তাঁর জুটি এবারের আসরে সুপারহিট। ৩৯৭ রান করা যশস্বী ছাড়াও তিনে নামা ধ্রুব জুরেলও (৪৫৮) রয়্যালসদের ভরসা দিচ্ছেন। প্রকৃতপক্ষে টপ থ্রি-ই রিয়ান পরাগের দলের ব্যাটিংয়ের স্তম্ভ। বৈভব অবশ্য রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৪ রান করে ফেরে। যশস্বীও তিরিশের গণ্ডি পেরননি। ফলে মরণবাঁচন ম্যাচে নিজেদের মেলে ধরার তাগিদ থাকবেই। রাজস্থানের মিডল অর্ডার অবশ্য শক্তপোক্ত নয়। ক্যাপ্টেন পরাগের বাটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।
রাজস্থানের বোলিং নির্ভরশীল জোফ্রা আর্চারের উপর। সদ্য মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটে ৩২ করার পাশাপাশি বল হাতে নেন ৩ উইকেট। আর্চার ছাড়াও পেস বোলিংয়ের দায়িত্বে আছেন নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা। স্পিন বিভাগে জাদেজার সঙ্গী তরুণ লেগ স্পিনার যশ রাজ পুঞ্জা। তাঁর জন্য বাইরে বসে থাকছেন রবি বিষ্ণোইয়ের মতো তারকা।
সানরাইজার্সেরও প্রধান শক্তি ব্যাটিং। অভিষেকের সঙ্গী ওপেনার ট্রাভিস হেড (৩৯৩), তিন নম্বরে ঈশান কিষান (৫৬৯), চারে নামা ক্লাসেন (৬০৬)— সকলেই ফর্মে।