Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বৈভবের দুরন্ত সেঞ্চুরির পরও হারল রাজস্থান

মাত্র ৩৬ বলে শতরান বৈভব সূর্যবংশীর! কিন্তু, তারপরও ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হল বিহারের বিস্ময় কিশোরকে।

বৈভবের দুরন্ত সেঞ্চুরির পরও হারল রাজস্থান
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: মাত্র ৩৬ বলে শতরান বৈভব সূর্যবংশীর! কিন্তু, তারপরও ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হল বিহারের বিস্ময় কিশোরকে। শনিবার জয়পুরে রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে বশ মানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সূর্যবংশীর সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে রাজস্থান তুলেছিল ৬ উইকেটে ২২৮। জবাবে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় হায়দরাবাদ (২২৯/৫)। ১১টি চার ও ৩টি ছক্কা সহ ৩১ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ঈশান কিষান। জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল প্যাট কামিন্স-ব্রিগেড (৮ ম্যাচে ১০ পয়েন্ট)।

Advertisement

দল হারলেও বৈভবের দুরন্ত সেঞ্চুরির প্রশংসা করতে হবে। তাকে ১৫ বছরের কিশোর ভাবার ভুল করলে বিপদ। ক্রিজে ব্যাট হাতে নামলেই ভয়ংকর হয়ে ওঠে বাঁ-হাতি ওপেনার। এদিনও প্রথম ওভারেই চারটি ছক্কা হাঁকিয়েছে সূর্যবংশী। আর ৩৬ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর সুবাদে আইপিএলের দ্রুততম শতরানের তালিকায় দ্বিতীয় ও তৃতীয়— দু’বার নাম তুলে ফেলল ১৫ বছরের কিশোর। গত মরশুমে গুজরাতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকাতে নিয়েছিল ৩৫টি বল। আর শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে শতরান। শেষ পর্যন্ত ৫টি চার ও ১২টি ছক্কা সহ ১০৩ রানের ইনিংস উপহার দেয় বৈভব। অর্ধশতরান হাঁকান জুরেলও (৫১)। শেষ দিকে ফেরেইরার (৩৩) ঝোড়ো ইনিংসে দুশোর গণ্ডি টপকায় রাজস্থান। 
রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল হায়দরাবাদ। প্রথম ওভারেই আউট হন ওপেনার ট্রাভিস হেড (৬)। তবে প্রাথমিক এই ধাক্কা সামলে জয়ের পথ প্রশস্ত করেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ১৩২ রান। অভিষেক ৫৭ রানে আউট হলেও ঈশানকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শেষ পর্যন্ত তাঁকে ফেরান আর্চার। তাতে অবশ্য দলের জয় আটকায়নি। শেষদিকে ক্লাসেন (২৯), রেড্ডি (৩৬), সলিলের (অপরাজিত ৮) ব্যাটে ভর করে লক্ষ্যে পৌঁছায় হায়দরাবাদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ