বিধানসভার আদলে মণ্ডপ মেদিনীপুরের রাজাবাজার সর্বজনীনের, দেখতে ভিড়
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: সপ্তমীতে মেদিনীপুর শহরের রাজাবাজার সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামল। মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত এই পুজো এবার ৪২তম বর্ষে পদার্পণ করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার আদলে এবার মণ্ডপ তৈরি করেছে রাজাবাজার সর্বজনীন দুর্গাপুজো সমিতি। প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের ৯জন মুখ্যমন্ত্রীর ছবি ও তাঁদের শাসনকাল সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে মণ্ডপে। সুবজায়নের বার্তা দিতে মণ্ডপ নানা বাহারি গাছ দিয়ে সাজানো হয়েছে। প্রতিমায় আছে সাবেকিয়ানার ছোঁয়া। ডাকের সাজে সুসজ্জিত প্রতিমা নজর কাড়ছে সকলের। উদ্যোক্তারা জানান, পঞ্চমীর দিন রাজাবাজারের পুজোর উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। উপস্থিত ছিলেন সোনালী মুর্মু সহ বিশিষ্টরা। রাজাবাজার সর্বজনীন দুর্গাপুজো সমিতির সভাপতি তথা মেদিনীপুর পুরসভার কাউন্সিলার ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, ঐতিহ্য, শৃঙ্খলা ও সাবেকিয়ানাই আমাদের পুজোর মূল সুর। ঘট ডোবানো থেকে প্রতিমা নিরঞ্জন, আমাদের কমিটির পুরুষ ও মহিলা সদস্যরা একই রঙের পোশাক পরে, সুশৃঙ্খল শোভাযাত্রা করেন। সমিতির মহিলা সদস্য বর্ণালী রায় ও সান্ত্বনা ঘোষ বলেন, ছোট ছেলেমেয়েরা আমাদের রাজ্যের ন’জন মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে। এবার আমাদের মণ্ডপে সেলফি জোনও করা হয়েছে। এই প্রজন্মের ছেলেমেয়েরা তাতে বেশ আকৃষ্ট হচ্ছে। রাজাবাজার দুর্গাপুজো সমিতির সদস্য বিশ্বজিৎ গোপ ও সুব্রত রায় বলেন, নিরাপত্তার বিষয়টি আটোসাঁটো করতে পুলিশ-প্রশাসনের পরামর্শে মণ্ডপের ভিতরে একাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। সমিতির আর এক সদস্য এডি বর্মন বলেন, পুজো উপলক্ষ্যে সারা বছর ধরে আমরা নানা কর্মসূচি পালন করি। রক্তদান, বস্ত্রদান, হরিনাম সংকীর্তন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।  নিজস্ব চিত্র

Advertisement