ইন্দোর: মেঘালয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করে কোথায় লুকিয়ে থাকবে সোনম? তা নিয়ে একাধিক পরিকল্পনা করেছিল অভিযুক্ত রাজ সিং কুশওয়া। প্রথমে পরিকল্পনা করা হয়েছিল, অন্য মহিলার দেহ পুড়িয়ে সেটিকে সোনম বলে চালানো হবে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। চূড়ান্ত হয় ‘প্ল্যান বি’। ঠিক হয়, ইন্দোরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকবে সোনম। পরিকল্পনা মাফিক একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। বাড়িওয়ালাকে অগ্রিম দেওয়া হয়েছিল ১৬ হাজার টাকা। কে নিয়েছিল ভাড়া? জানা গিয়েছে, রাজাকে খুনের জন্য ২২ বছর বয়সি বিশাল সিং চৌহানের সাহায্য নেওয়া হয়েছিল। বিশালই প্রথম রাজাকে আক্রমণ করে। এই অভিযুক্তই ইন্দোরে সোনমের জন্য বাড়ি ভাড়া নেয়। তদন্তে এমনই তথ্য হাতে পেয়েছে ইন্দোর পুলিস। পুলিস জানিয়েছে, ২৩ মে রাজাকে খুন করে গা ঢাকা দিয়েছিল সোনম। কিছুদিন রাজের বাড়িতে ছিল সে। তার ঠিক সাতদিন পর ৩০ মে ইন্দোরে বাড়ি ভাড়া নেওয়া হয়। যে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল সেটি বিশালের আস্তানা থেকে পাঁচ কিলোমিটার দূরে। ভাড়া নেওয়ার সময় পুলিস ভেরিফিকেশনও করে বিশাল। নিজেকে একজন ইন্টিরিয়র ডিজাইনার বলে পরিচয় দেয়। জানায়, ইন্দোরে কয়েকটি কাজ রয়েছে তার। সে কারণেই বাড়ি ভাড়া নিচ্ছে। ওই বাড়িতেই আত্মগোপন করেছিল সোনম। ‘প্রেমিক’ রাজ নাকি সোনমের জন্য ৫ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, রেশন কিনে এনেছিল। তার ঠিক কয়েকদিন পরেই ২ জুন উদ্ধার হয় রাজার মৃতদেহ। ভাড়াবাড়িতে বসে টিভিতে সেই খবর দেখেছিল সোনম।



