Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে কমবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, চড়বে পারদ, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৪ জুন থেকে

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা কমবে আজ, রবিবার থেকে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শুধু রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা এবং পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ রয়েছে।

আজ থেকে কমবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, চড়বে পারদ, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে ৪ জুন থেকে
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা কমবে আজ, রবিবার থেকে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শুধু রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা এবং পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ রয়েছে। কাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়বে।  আগামী ৪ জুন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে ঝড়বৃষ্টির মাত্রা। এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শনিবার জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনের মধ্যে কেরল ও তামিলনাড়ুর কিছু অংশে দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশ করবে। যদিও কেরলে বর্ষা আসার স্বাভাবিক দিন ১ জুন। 

Advertisement

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে  বেশি পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করায় শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বড়ো অংশে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হয়েছিল। এর ফলে ব্যাপক ঝড়বৃষ্টিও হয়। শনিবার কয়েকটি জেলায় বজ্রমেঘ তৈরি হলেও বড়ো মাপের ঝড়বৃষ্টি সেভাবে হয়নি। সকাল থেকে বিকালের মধ্যে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু জায়গায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি জেলাতেও দুপুরে কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। 
শুক্রবারের ঝড়বৃষ্টির ফলে শনিবার তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছিল। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা (৩৩.৩) স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম ছিল।  ভোরবেলার সর্বনিম্ন তাপমাত্রা (২৩ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম ছিল। পশ্চিমাঞ্চল সহ অন্য জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোটামুটি ৩৩ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে। শনিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি, ৭৩ মিমি বৃষ্টি হয়েছে পুরুলিয়ার ফুলবেড়িয়ায়। এছাড়া, আসানসোলে ৬৬ মিমি, সিউড়িতে ৫৫ মিমি, ঝাড়গ্রামের লালগড়ে ৫২ মিমি, বাঁকুড়ার কংসাবতীতে ৪৮ মিমি,  হুগলির মগরাতে ৪৬ মিমি, মেদিনীপুরে ৪৩ মিমি, কলকাতার আলিপুরে ৪০ মিমি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার বৃষ্টি হয়। উত্তরবঙ্গে বৃষ্টি খুব কম হয়েছে এই সময়ে। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে সবথেকে বেশি ১১ মিমি বৃষ্টি হয়। শুক্রবার দুপুরে কলকাতা ও লাগোয়া এলাকায় এই মরশুমের সবথেকে জোরালো কালবৈশাখী হয়। ঝড়  হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ  জেলায় এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে।

সম্পর্কিত সংবাদ