Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টির ঘাটতি কমল আরও তিন জেলায়

রাজ্যের মালদহ ও উত্তর দিনাজপুরে বৃষ্টির ঘাটতি কমেছে। আগামীদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত পড়ুন।

বৃষ্টির ঘাটতি কমল আরও তিন জেলায়
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েকদিনের বেশি পরিমাণে বৃষ্টির জেরে রাজ্যের আরও তিনটি জেলা বর্ষাকালীন সময়ের মোট ঘাটতি থেকে আপাতত বেরিয়ে এসেছে। এই জেলাগুলি হল—মালদহ, উত্তর দিনাজপুর ও ঝাড়গ্রাম।  মুর্শিদাবাদেও ঘাটতি কমেছে। ১ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত মোট বৃষ্টিপাতের নিরিখে ঘাটতির তালিকায় মুর্শিদাবাদ ছাড়াও বীরভূম ও পুরুলিয়া রয়েছে। এর মধ্যে পুরুলিয়া জেলায় সবথেকে কম ২৬৩ মিমি বৃষ্টি হয়েছে। পুরুলিয়াতে দীর্ঘকালীন গড় বৃষ্টিপাত এমনিতেই কম। তার তুলনায়ও সেখানে ৪০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। বাকি সব জেলাতেই অন্তত ৩০০ মিমি বৃষ্টি হয়েছে। বীরভূমে তুলনামূলকভাবে কম ৩০৪ মিমি ও মুর্শিদাবাদে ৩১৯ মিমি বৃষ্টি হয়েছে।

Advertisement

দীর্ঘকালীন গড়ের তুলনায় ১৯ শতাংশ পর্যন্ত কম বা বেশি বৃষ্টি আবহাওয়াগত বিচারে স্বাভাবিক বলে ধরা হয়। দক্ষিণবঙ্গে ৩ শতাংশ কম এবং উত্তরবঙ্গে ৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। রাজ্যে গড়ে ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গড় মোট বৃষ্টির পরিমাণ ৫৯০ মিমি। গোটা বর্ষাকালে স্বাভাবিক পরিমাণ বৃষ্টির এটা প্রায় অর্ধেক। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, রাজ্যে আপাতত যা বৃষ্টি হয়েছে তা চাষবাসের পক্ষে ভালো। পূর্বাভাস দেওয়া হয়েছে যে, আগামী কয়েকদিন রাজ্যে বর্ষা সক্রিয় থাকবে। অনেকগুলি জেলার কোথাও কোথাও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি পরিমাণ ৭০৮ মিমি বৃষ্টি হয়েছে। উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ৬০০ মিমি-র বেশি বৃষ্টি হয়েছে। রাজ্যের মধ্যে আলিপুরদুয়ারে সবথেকে বেশি ১৬৩৯ মিমি বৃষ্টি হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ